‘হ্যাঁ আমি পারিনি, হারের সব দায় আমারই’, প্রায়শ্চিত্ত করতে গান্ধীর জন্মভিটেয় উপোসে বসছেন পিকে

SHARE:

শনিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সৎভাবে চেষ্টা করেছি। কিন্তু প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় ১০০ শতাংশ আমার।”

বিহার ভোটে (Bihar Election) প্রথম পরীক্ষায় একেবারে শূন্য হাতে ফিরেছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (Jan Suraj Party)। ২৩৮টি আসনে লড়ে একটাও আসন পায়নি তারা। তাদের ঝুলিতে গিয়েছে মোটে ৩.৪৪ শতাংশ। আর এই ব্যর্থতার দায় সম্পূর্ণ নিজের কাঁধেই তুলে নিলেন পিকে (Prashant Kishor)।

শনিবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সৎভাবে চেষ্টা করেছি। কিন্তু প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ। জনগণ আমাদের সমর্থন দেয়নি, তার দায় ১০০ শতাংশ আমার।”

পিকের আক্ষেপ, তিনি নাকি ভোটারদের বুঝিয়ে উঠতেই পারেননি কেন নতুন রাজনীতি প্রয়োজন, বা কেন তাঁদের দলকে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, “ভোটারদের সঙ্গে আমাদের যে যোগাযোগ হওয়া উচিত ছিল, সে জায়গায় আমিই ব্যর্থ হয়েছি।”

এই ব্যর্থতার প্রায়শ্চিত্ত হিসেবেই আগামী ২০ নভেম্বর মহাত্মা গান্ধীর জন্মস্থান ভিটিহারওয়া আশ্রমে তিনি একদিনের নীরব উপবাসে বসবেন।

ভোট-ফল বিশ্লেষণে কিশোর ফের দাবি করলেন, মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার করে না দিলে জেডিইউ-এর আসন সংখ্যা ২৫–এর গণ্ডিও পার হতো না। তিনি বলেন, “আমি আজও আমার কথায় অটল। যদি নীতীশ কুমার ১.৫ কোটি মহিলাকে ২ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেন এবং দেখাতে পারেন যে কেনা ভোটে জয় হয়নি, তা হলে আমি রাজনীতি থেকেই সরে দাঁড়াব।”

ভোটে কীরকম ছবি?

বিহারে এনডিএ তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা। বিজেপি ৮৯, জেডিইউ ৮৫, এলজেপি (আরভি) ১৯, হাম ৫, আরএলএম ৪।

অন্যদিকে, মহাগঠবন্ধন ভরাডুবি। পেয়েছে মাত্র ৩৪টি আসন। আরজেডি ২৫ (আগে ছিল ৭৫), কংগ্রেস ৬, সিপিআই(এমএল) ২, সিপিএম ১, এআইএমআইএম ৫, বিএসপি ১, আইআইপি ১।

প্রাশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ঝুলিতে শূন্য, ৬৮টি আসনে তো নোটাকেও পেরোতে পারেনি। তবে ব্যর্থতায় ব্রেক চাপতে নারাজ কিশোর। তিনি জানিয়েছেন, “পিছিয়ে যাওয়ার প্রশ্নই নেই। বিহারকে বদলানোর যে অঙ্গীকার করেছি, তা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আগের তিন বছরের তুলনায় এখন আরও দ্বিগুণ পরিশ্রম করব।”

Partha Goswami

18/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today