লোকপালের নির্দেশ চ্যালেঞ্জ করে মহুয়ার মামলা, দিল্লি হাইকোর্টে শুনানি ২১ নভেম্বর

SHARE:

আদালতের নথি অনুযায়ী, লোকপালের অনুমতি দেওয়ার প্রক্রিয়াতেই অনিয়মের অভিযোগ তুলেছেন মহুয়া। তাঁর দাবি, তদন্ত সংস্থাকে চার্জশিট পেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে লোকপাল ঠিকভাবে নিয়ম মেনে চলেনি।

সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দাখিলের ছাড়পত্র দিয়েছে লোকপাল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) গিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। আদালত তাঁর আবেদন গ্রহণ করেছে।

আদালতের নথি অনুযায়ী, লোকপালের অনুমতি দেওয়ার প্রক্রিয়াতেই অনিয়মের অভিযোগ তুলেছেন মহুয়া। তাঁর দাবি, তদন্ত সংস্থাকে চার্জশিট পেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে লোকপাল ঠিকভাবে নিয়ম মেনে চলেনি। সেই প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি আদালতের নজরে এনেছেন তিনি।

জানা গিয়েছে, বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদন্যাথ শঙ্করের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে আগামী শুক্রবার, ২১ নভেম্বর শুনানির দিন ঠিক করেছে।

কদিন আগেই নদিয়ার করিমপুরের মাঠে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রর বিয়ের রিসেপশন ছিল। খোলা মাঠে সুন্দর করে সাজিয়ে সেই রিসেপশনের ছবি সমাজ মাধ্যমে সেনসেশনও তৈরি করেছিল। এই আবহেই প্রশ্ন ঘুষ মামলায় মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ করে লোকপাল (Lokpal)। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে (CBI) চার্জশিট দাখিলের অনুমতি দিল দেশের অ্যান্টি-কোরাপশন ওয়াচডগ।

কী বলেছিল লোকপাল? (Lokpal on Mahua Moitra)

লোকপালের নির্দেশে বলা হয়েছে— সিবিআই আগামী চার সপ্তাহের মধ্যে মহুয়া মৈত্র-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে, এবং সেই নথির একটি কপি লোকপালের রেজিস্ট্রিতে জমা দিতে হবে। তবে এখনও লোকপাল প্রসিকিউশন শুরু করার অনুমতি দেয়নি। তারা জানিয়েছে, চার্জশিট আদালতে দাখিল হওয়ার পর আদালত যখন অভিযোগ গ্রহণ করবে, তারপরই প্রসিকিউশন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লোকপালের আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, “অভিযুক্ত রেপুটেড পাবলিক সার্ভেন্ট (RPS)-এর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে সিবিআই যে আবেদন করেছে— সেটিই এই মুহূর্তে বিবেচনার বিষয়। প্রসিকিউশন বা মামলার পরবর্তী ধাপ অনুমোদনের দাবি করা এখনই উপযুক্ত নয় বলেই বেঞ্চ মনে করেছে। লোকপাল জানিয়েছে, ২০১৩ সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ধারা ২০(৭)(এ) ও ধারা ২৩(১)-এর ক্ষমতা প্রয়োগ করে সিবিআইকে অনুমতি দেওয়া হচ্ছে যে তারা আগামী চার সপ্তাহের মধ্যে উপযুক্ত আদালতে চার্জশিট দাখিল করবে”।

Partha Goswami

18/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today