বিহারের ‘সোনার মেয়ে’ শ্রেয়সী সিং, নীতীশ মন্ত্রিসভায় ‘লক্ষ্যভেদ’ রাইফেল শ্যুটারের

SHARE:

বিহারের দশম মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ে বৃহস্পতিবার শপথ নিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার।

বিহারের দশম মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়ে বৃহস্পতিবার শপথ নিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। এবার তাঁর নয়া মন্ত্রিসভার চমক রাজ্যের সোনার মেয়ে শ্রেয়সী সিংয়ের শপথ গ্রহণ। এনডিএ-র বড় শরিক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন, এবারের জোট মন্ত্রিসভায় মেয়েদের সহাবস্থান। সেই হিসেবে জামুইয়ের নবনির্বাচিত বিধায়ক শ্রেয়সী সিংকে স্থান দেওয়া নীতীশের নয়া ক্যাবিনেটে।

বিহার রাজনীতিতে প্রথমে জনতা দল ও পরে ভারতীয় জনতা পার্টির নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিগ্বিজয় সিংয়ের মেয়ে হলেন শ্রেয়সী। শুধুমাত্র রাজনীতিতেই নয়, ৩৪ বছর বয়সি শ্রেয়সী কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছিলেন রাইফেল শ্যুটিংয়ে। ক্রীড়াক্ষেত্র ছাড়াও জামুইয়ের মতো কঠিন আসনে লড়াই করে বিজেপির হয়ে জয় হাসিল করেছেন লড়াকু এই তরুণী। শ্রেয়সীর বাবা দিগ্বিজয় সিং (কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং নন) রেল ও বাণিজ্য মন্ত্রকের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তাঁর ঠাকুরদা ছিলেন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। মা পুতুল কুমারী জামুই জেলার গিধৌর কেন্দ্রের প্রাক্তন সাংসদ।

শ্রেয়সী ডাবল ট্র্যাপ শ্যুটিংয়ে পারদর্শী। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা, ২০১৪ সালে কমনওয়েলথ গেমসে রুপো এবং ওই বছরই এশিয়ান গেমসে টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে তিনিই বিহারের হয়ে প্রথম প্রতিযোগিণী ছিলেন এবং ৬১-তম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন।

২০২০ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। অভিষেক নির্বাচনেই তিনি জামুই কেন্দ্র থেকে আরজেডির প্রার্থী বিজয় প্রকাশকে ৪১ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দেন। এ বছর তিনি প্রায় সাড়ে ৫৪ হাজার ভোটে জেতেন। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন আরজেডির মহম্মদ শামশাদ আলম। এই জয়ের পর আর মন্ত্রী পদের দাবিদার হিসেবে তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। বিজেপি তাঁকে ক্যাবিনেটে স্থান দিয়েছে।

Partha Goswami

20/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today