তিনি জানান, “এই মর্মে কংগ্রেসকে চিঠি পাঠানো হলেও কোনও উত্তর আসেনি, তবে বামেদের তরফে উত্তর পেয়েছি, তারপর একাধিকবার আলোচনা হয়েছে। আজও আলোচনার জন্য এসেছিলাম।”

‘জোট করতে চান,’ কয়েকমাস আগে এই আর্জি জানিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nawshad Siddiqui)। শনিবার জোট গড়ার লক্ষ্যে আলিমুদ্দিন স্ট্রিটে দু’পক্ষের বৈঠক হয়েছে বলেও জানা যায়। সেখানেই ‘আসন সমঝোতা’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কি ছাব্বিশের নির্বাচনে (2026 WB election) ফের জোট বেঁধে লড়বে বাম (Left Front) ও আইএসএফ (ISF)? এদিন সাংবাদিকদের সামনে কী জানালেন নওসাদ সিদ্দিকি।
নওসাদ বলেন, “আমরা বেশ কয়েকমাস আগেই বিমান বসুকে (Biman Bose) চিঠি পাঠিয়ে বলেছিলাম, বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।’ তিনি জানান, “এই মর্মে কংগ্রেসকে চিঠি পাঠানো হলেও কোনও উত্তর আসেনি, তবে বামেদের তরফে উত্তর পেয়েছি, তারপর একাধিকবার আলোচনা হয়েছে। আজও আলোচনার জন্য এসেছিলাম।”
এদিনের বৈঠকে বিমান বসু ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। দীর্ঘক্ষণের একটি বৈঠক হয়েছে তাঁদের।
কী আলোচনা হয়েছে বৈঠকে?
নওসাদ বলেন, “কীভাবে আমাদের লড়াই করতে হবে। কোন কেন্দ্রে কোন দলের প্রার্থী দিলে ফল ভাল হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। নির্দিষ্ট আসন নিয়ে নয়, একটা সংখ্যার আসন নিয়ে আলোচনা হয়েছে।”
আইএসএফ নেতা বলেন, ” আমাদের লক্ষ্য বিজেপি তৃণমূলকে হারানো। সংখ্যায় আসন বাড়িয়ে নেওয়াটা আমাদের লক্ষ্য নয়। আমরা চাইব, যারা যেখানে শক্তিশালী আছে, তাঁদের সাপোর্ট করে সেই আসন কীভাবে বিজেপি এবং তৃণমূলের থেকে কেড়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করা।”
“আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে শীঘ্রই প্রকাশ্যে ঘোষণা করা হবে, কোন দল কোন আসনে লড়বে”, একথাও জানান নওসাদ।
২০২১-এর বিধানসভা নির্বাচনের (2021 WB Election) আগে ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট বা আইএসএফ-এর আবির্ভাব ঘটে। সেবছর বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ‘সংযুক্ত মোর্চা’ নাম নিয়ে ভোটের ময়দানে নামে আইএসএফ। কিন্তু ফলাফল ছিল একেবারে ধরাশায়ী। কেবল ভাঙড়ে জেতেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী। বাম ও কংগ্রেস কেউই খাতা খুলতে পারেনি।
২০২৪-এর লোকসভা নির্বাচনে (2024 Loksabha ELection) বাম, কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। জোটের পরিকল্পনা হলেও কিছু আসনে বাম এবং আইএসএফ দুই দলই প্রার্থী দিয়েছিল। এদিন এনিয়ে ভাঙড়ের বিধায়ক বলেন, “আমরা বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে লড়ব বলেছি যখন আসন সমঝোতা করতে রাজি আছি।”
অন্যদিকে, গত সোমবার নতুন দল ‘জনতা উন্নয়ন পার্টি’-র (JUP) ঘোষণা করেছেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শনিবার তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল ১৮২টি আসনে (JUP) প্রার্থী দেবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে জোটের কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) নেতৃত্বাধীন মিমের সঙ্গেও সমঝোতার দরজা খোলা রাখছেন। যদিও নওসাদের দাবি, এই ধরনের কোনও কথা তাঁর কাছে এসে পৌঁছয়নি। এব্যাপারে তিনি কিছু জানেন না।
Partha Goswami
27/12/2025







