বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে দীর্ঘ কর্মসূচি ঘোষণা করে দিলেন তিনি। এমাসের ৩১ তারিখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন অভিষেক।

এসআইআর শুনানি পর্বের প্রথম দিনেই সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on ECI)। আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে দীর্ঘ কর্মসূচি ঘোষণা করে দিলেন তিনি। এমাসের ৩১ তারিখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন অভিষেক। পাশাপাশি নতুন বছরের শুরুতেই নতুন কর্মসূচি চলবে তৃণমূলের (TMC)। একথাও জানালেন তৃণমূলের সাংসদ।
শনিবারের সাংবাদিক বৈঠকে দিল্লিতে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “আগামী ৩১ তারিখ জ্ঞানেশ কুমার আমাদের সময় দিয়েছেন। আমরা গিয়ে লিস্ট চাইব। না পেলে কমিশন ঘেরাও হবে।”
এদিনের অভিষেক আরও বলেন, “২ জানুয়ারি থেকে একটা কর্মসূচি শুরু করছি। গত ১৫ বছরের সরকারের কাজের খতিয়ান তুলে ধরব। রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাব।” একইসঙ্গে এসআইআর বিরোধিতায় সুর চড়িয়ে বলেন, “বাংলা দখল করতে ভোটার তালিকা থেকে চক্রান্ত করে অনেককে বাদ দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নামব।”
শুক্রবার দলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেছিলেন অভিষেক। সেখানে আগামী দিনের রূপরেখা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর ইঙ্গিত, ২০২৬-ই হবে বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতিপর্ব, “২০২৯-এর ভীত গড়ে উঠবে ২০২৬-এ।”
সম্প্রতি বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর মন্তব্য টেনে অভিষেকের কটাক্ষ, “সভা থেকে বলে গেছেন, ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। এই চার শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে, মারতে চাই। আমাদের বলতে হবে, ‘বাঁচতে চাই, তাই বিজেপি বাই’। তাঁর দাবি, মোদীর কথার মধ্যেই ছিল ‘আত্মসমর্পণের হুঁশিয়ারি’— “বিজেপিতে যোগ দাও, তা না হলে রেহাই নেই।”
Partha Goswami
27/12/2025







