৬০ কোটি টাকার প্রতারণা মামলার মাঝেই নতুন বিপদ শিল্পা শেট্টির। AI-নির্ভর ডিপফেক ছবি ও ভিডিও ছড়ানোয় বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী।
![]()
২০২৫ সালটি যেন কোনওভাবেই ভাল কাটছে না শিল্পা শেট্টির (Shilpa Shetty)। ব্যক্তিগত ও আইনি সংকটের মাঝেই এবার সাইবার অপরাধের শিকার হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। একে তো ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় জর্জরিত হয়ে দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে, তার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অপব্যবহার তাঁর দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেট্টির বেশ কিছু বিকৃত ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। অভিযোগটি খতিয়ে দেখার পর মাননীয় আদালত এই ধরণের বিকৃত ছবিকে ‘অত্যন্ত বিরক্তিকর এবং মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন।
শিল্পার অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই তাঁর কণ্ঠস্বর ও অবয়ব হুবহু নকল করা হচ্ছে। শুধু ছবি বা ভিডিও নয়, তাঁর নাম ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা বইও। এই ধরণের কর্মকাণ্ডে শিল্পা নিজেকে অনিরাপদ বোধ করছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই বিকৃত বিষয়বস্তু অবাধে ছড়িয়ে পড়ার ফলে সাধারণ মানুষের মনে তাঁর প্রতি বিরূপ ধারণা তৈরি হতে পারে।
এমনিতেই ৬০ কোটি টাকার প্রতারণার দায়ে আইনি জটিলতায় রয়েছেন শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। তদন্তের স্বার্থে তাঁদের দেশ ছাড়ার ওপর কড়াকড়ি রয়েছে। সেই ব্যক্তিগত ও আইনি টানাপোড়েনের মাঝেই এই সাইবার আক্রমণ তাঁর ইমেজকে কালিমালিপ্ত করার একটি বড় চেষ্টা বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, বম্বে হাইকোর্ট এই কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে কী পদক্ষেপ গ্রহণ করে।
Partha Goswami
27/12/2025







