অক্ষয় তৃতীয়ায় বৈদিক মন্ত্রোচ্চারণে খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা! উত্তরাখণ্ডে শুরু ২০২৬-এর চারধাম যাত্রা।
অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা। এর মাধ্যমেই উত্তরাখণ্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের চারধাম যাত্রা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শীতকালীন দীর্ঘ বিরতির পর পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে মন্দিরের দ্বার। আবহাওয়া এবং ভিড়ের কথা মাথায় রেখে এবার একাধিক নতুন নিয়ম ও কড়া স্বাস্থ্যবিধি জারি করেছে প্রশাসন।
যাত্রা ও মন্দিরের সময়সূচি
এবারের সূচি অনুযায়ী, যমুনোত্রী ও গঙ্গোত্রী খুলেছে ১৯ এপ্রিল। কেদারনাথের দরজা খুলবে ২২ এপ্রিল এবং বদ্রিনাথের পোর্টাল খুলবে ২৩ এপ্রিল। এই তীর্থযাত্রা চলবে নভেম্বর মাস পর্যন্ত। নভেম্বরের ১০ থেকে ১৩ তারিখের মধ্যে পর্যায়ক্রমে মন্দিরগুলো ফের বন্ধ হয়ে যাবে। হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন থেকে মূলত পাহাড়ের এই দুর্গম পথে যাত্রা শুরু হয়।
কড়া নিয়ম ও বিধিনিষেধ
২০২৬ সালের যাত্রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল এনেছে উত্তরাখণ্ড সরকার। কেদারনাথ, বদ্রিনাথ এবং গঙ্গোত্রীতে অহিন্দুদের প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করা হয়েছে। তবে যমুনোত্রীতে সকলের জন্য অবারিত দ্বার। এছাড়া মন্দির চত্বরের পবিত্রতা বজায় রাখতে ভিতরে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহারে জারি হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা।

স্বাস্থ্যবিধি ও জরুরি পরিষেবা
পাহাড়ের চড়াই-উতরাই ও প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে এবার স্বাস্থ্য পরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে ৫৫ বছরের ঊর্ধ্বের পুণ্যার্থী বা যাঁদের হৃদরোগ, হাঁপানি কিংবা ডায়াবেটিস রয়েছে, তাঁদের জন্য ডাক্তারি শংসাপত্র মাস্ট। তীর্থযাত্রীদের জন্য রাস্তায় মোতায়েন থাকছেন চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীরা। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় ১৭৭টি অ্যাম্বুলেন্সের পাশাপাশি ঋষিকেশ এইমস-এর সৌজন্যে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে।
রেজিস্ট্রেশন ও যাতায়াত
প্রতিটি তীর্থযাত্রীকে অনলাইনে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। গাড়ির নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য যাচাইয়ের পর মিলবে দর্শনের টোকেন। কেদারনাথের জন্য আইআরসিটিসি-র মাধ্যমে হেলিকপ্টার বুকিংয়ের সুবিধা থাকলেও, বাকি পথে ট্রেক বা ঘোড়াই ভরসা। দুর্গম রাস্তায় বৃষ্টির হাত থেকে বাঁচতে রেনকোট, গরম কাপড় এবং ওষুধ সাথে রাখা জরুরি বলে সতর্ক করেছে প্রশাসন। কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে ধরে নিয়েই এবার আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Partha Goswami
22/04/2026






