ভোরের কলকাতায় হুগলি নদীতে নৌকাবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোরের কলকাতায় (Kolkata visit) গঙ্গাবক্ষে নৌকাবিহারে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট শেষ হতেই দ্বিতীয় দফার প্রচারের মাঝে শহরের নৌকাভ্রমণে বেরোলেন তিনি। এদিন সকালে হুগলি নদীর বুকে নৌকা চড়ার (Hooghly River) সময় ক্যামেরায় বন্দি করেন হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতুর মনোরম দৃশ্য। গঙ্গার সঙ্গে বাংলার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “গঙ্গার সঙ্গে বাংলার নাড়ির টান ও আত্মিক যোগ রয়েছে। এই সভ্যতার ইতিহাস বহন করছে গঙ্গা। কলকাতায় এসে মা গঙ্গাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমি আপ্লুত।”
ভ্রমণের সময় প্রধানমন্ত্রীকে অত্যন্ত সহজ মেজাজে দেখা যায়। তিনি নৌকার মাঝির সঙ্গে কথা বলেন এবং তাঁর কঠোর পরিশ্রমকে কুর্নিশ জানান। নদীর পাড়ে থাকা প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গেও কথা বলেন তিনি, যা দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। গঙ্গার বুক থেকেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন এবং বাঙালিদের সমৃদ্ধির অঙ্গীকার করেন।
তিনি আরও জানান যে, আগের দিন সন্ধ্যায় যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে তিনি রোড শো করেছিলেন, আজ গঙ্গার বুক থেকে সেই ব্রিজেরই এক অন্য রূপ দেখলেন। প্রধানমন্ত্রীর এই গঙ্গাসফর রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন দ্বিতীয় দফায় হাওড়া ও কলকাতায় ভোট রয়েছে।
এর আগে ঝাড়গ্রামে কনভয় থামিয়ে ১০ টাকা দিয়ে ঝালমুড়ি খেয়ে রাজনৈতিক চর্চায় এসেছিলেন তিনি। যদিও সেই ঘটনাকে ‘সাজানো’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নৌকাবিহার শেষে পানিহাটিতে আরজি করের নির্যাতিতার মায়ের সমর্থনে এবং বারুইপুরে যাদবপুরের প্রার্থীর হয়ে জনসভা করার কথা রয়েছে তাঁর।
Partha Goswami
24/04/2026







