‘সেঞ্চুরি পার করেছে তৃণমূল, ১০ দিন পর মিলিয়ে নেবেন!’ জগৎবল্লভপুর থেকে হুঙ্কার অভিষেকের

SHARE:

রাজনৈতিক ভবিষ্যৎবাণী করে জয়ের বড় দাবি করেন তিনি। রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ভবিষ্যৎবাণী’ নিয়ে চর্চা নতুন নয়। তৃণমূল কালই সেঞ্চুরি পার করে দিয়েছে বলেন তিনি।

ভোটের (West Bengal Assembly election 2026) বাংলায় প্রথম দফার যুদ্ধ শেষ। আর প্রথম দফা মিটতে না মিটতেই বড়সড় ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhsihek Banerjee)। শুক্রবার জগৎবল্লভপুরের নির্বাচনী সভা থেকে বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তৃণমূল কালই সেঞ্চুরি পার করে দিয়েছে। ১০ দিন পর ফল বেরোলে মিলিয়ে নেবেন।”

রাজনৈতিক ভবিষ্যৎবাণী করে জয়ের বড় দাবি করেন তিনি। রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ভবিষ্যৎবাণী’ নিয়ে চর্চা নতুন নয়। এদিন সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, “আমি সচরাচর ভবিষ্যৎবাণী করি না। কিন্তু যখন করি, তখন সেটা মেলে। ২০২১ সালেও মিলেছিল, ২০২৪ সালেও মিলেছে আর এই ২০২৬ সালেও মিলবে।” প্রথম দফার ভোট শেষ হওয়ার পর বিজেপির অন্দরে ‘ছটফটানি’ শুরু হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, হার নিশ্চিত বুঝেই এখন গেরুয়া শিবিরের নেতারা সাংবাদিকদের ফোন করে খবর চালানোর অনুরোধ করছেন।

অমিত শাহকে পাল্টা তোপ দেগেছেন তিনি। বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টির বেশি আসন পাবে। এদিন নাম না করে শাহকে পাল্টা বিঁধেছেন অভিষেক। তিনি বলেন, “এরা বলেছিল বাংলায় ভোট কেটে ক্ষমতায় আসবে। কালকের পর বিজেপির ছটফটানি দেখতে পাচ্ছেন? যারা বাংলায় এসে বলেছিল ২৩ তারিখ, ২৯ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেব— আমাদের জন্মভূমিতে গুজরাটের গুন্ডারা এসে বলছে উল্টে ঝুলিয়ে দেবে (উল্টা কারকে লটকা দেগা)!”

‘গরম বাড়ছে জল খান’ বিতর্ক প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক। কিছুদিন আগেই প্রচারের ময়দানে অমিত শাহকে বিঁধে অভিষেক বলেছিলেন, “গরম বাড়ছে, বেশি করে জল খান।” সেই মন্তব্যকে হাতিয়ার করে অমিত শাহ দাবি করেছিলেন, তাঁকে অপমান করা হয়েছে। এদিন জগৎবল্লভপুর থেকে অভিষেক বলেন, “আমি শুধু বলেছিলাম গরম বাড়ছে জল খান। আর অমিত শাহ বলছেন আমি নাকি ওঁকে অপমান করেছি! আসলে ভয় পেয়েছে বিজেপি।”

গুজরাট বনাম বাংলার প্রসঙ্গে টেনে, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের গলায় এদিন ফের শোনা গিয়েছে ‘বহিরাগত’ তত্ত্ব। বিজেপি নেতাদের ‘গুজরাটের গুন্ডা’ বলে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষকে ভয় দেখিয়ে লাভ হবে না। মানুষ ব্যালটে জবাব দিচ্ছে। অভিষেক আত্মবিশ্বাসের সঙ্গেই কর্মীদের চাঙ্গা করে বলেন, বাকি পর্বগুলোতেও তৃণমূলের এই জয়রথ বজায় থাকবে।

Partha Goswami

24/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई