কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ঘিরে ধুন্ধুমার কাণ্ড।ভিন্ রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আজ আলোচনার কথা ছিল বিধানসভায়। সেই মতো বক্তৃতা করতে ওঠেন মমতা। সেই সময় বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। এমনকি মমতাকে লক্ষ্য করে বিজেপি বিধায়করা কাগজও ছোড়েন বলে অভিযোগ ওঠে। এর পাল্টা তৃণমূলের তরফেও পাল্টা স্লোগান দেওয়া হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হতে বললেও, বিজেপি বিধায়করা হাত নেড়ে, হাততালি দিয়ে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেন, মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন না তাঁরা। সেই নিয়ে তুলকালাম শুরু হয়ে যায়। মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে হয় মমতাকে। এমন পরিস্থিতিতে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। ‘ভোট চোর’ বলে কটাক্ষ করেন।
সেই আবহেই বিজেপি-কে তীব্র আক্রমণ করতে নামেন মমতা। তিনি বলেন, “বিজেপি বিধায়কদের ধিক্কার জানাই। নিজেদের বক্তৃতার সময়ই থাকে না। তার পরও আমার সময় কেটে সময় দিয়েছি। এরা বাংলা বিরোধী। বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার চালায়। এরা বাঙালি বিরোধী। মানুষ যাতে আমাদের কথা শুনতে না পায়, তাই এসব করছে। আমি অনেক ক্ষণ ধরে শাসকদের দলের সদস্যদের শআন্ত থাকতে বলেছি। কিন্তু শান্তি রক্ষা করা দুই পক্ষের কাজ, কোনও একপক্ষের নয়।”







