দুর্গাপুরের ঘটনার পর মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করলেন সাংসদ সৌগত রায়। মমতার সুরে গলা মিলিয়ে তিনি বলেন, ‘রাতে মেয়েদের কলেজ থেকে বেরনো ঠিক নয়।’
শনিবার সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন ডাক্তারি পড়ুয়া। ফেরার পথে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় এপর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দলের সুপ্রিমোর সুরে গলা মিলিয়ে তিনিও দাবি করলেন, ‘রাতে কলেজ থেকে বেরনো উচিত না।’
দুর্গাপুরের শোভাপুর এলাকার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই তরুণী। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। শনিবার সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। ফেরার পথে কিছু যুবক পথ আটকায় তাঁর। সরিয়ে দেওয়া হয় সেই সহপাঠীকে। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হয় এক নির্জন এলাকায় বলে অভিযোগ। সেখানেই তাঁর ওপর নির্যাতন চলে। পরে তাঁকে সেই সহপাঠীই উদ্ধার করে ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
এনিয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ করতে বলেছি। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।” এটুকু বলে থেমে থাকেননি তিনি। কীভাবে ওই ছাত্রী রাতে বাইরে বেরলেন, সেই প্রসঙ্গে বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে। তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করার।”
সেই সুরেই সোমবার কথা বললেন সৌগত রায়। তাঁর দাবি মেয়েদের সাবধান হতে হবে। সব জায়গায় সুরক্ষা দেওয়া সম্ভব নয়।
সাংসদ এদিন বলেন, ‘বাংলায় এসব (ধর্ষণ) হয় না, খুবই কম হয়। এখানে মহিলারা সুরক্ষিত। আরজিকরের একবছর হয়ে গেল, আর এই ঘটনা হল। দু’টোই দুর্ভাগ্যজনক। কিন্তু মহিলাদেরও এত রাতে কলেজ থেকে বেরনো উচিত না। সব জায়গায় তো পাহারা দেওয়া সম্ভব নয়। তাই একটু সাবধান হওয়া উচিত।’
এছাড়াও সাংসদ মনে করেন, প্রতিটি ইঞ্চিতে সুরক্ষা দেওয়া সম্ভব নয়, পুলিশ মোতায়েন সম্ভব নয়। কোনও ঘটনা ঘটলে পদক্ষেপ করা যেতে পারে। তাই মহিলাদেরও সাবধান হতে হবে।
Partha Goswami
13/10/2025







