‘ট্রেলার নয়, ছবি দেখাতে হবে, ২১-এর বদলা ২৬-এ!’ বিরোধীদের হুঁশিয়ারি মনোজ তিওয়ারির

SHARE:

তৃণমূল সমর্থকরা মন্ত্রীর বক্তব্যকে ক্ষমতা ও সতর্কতার প্রতীক বলে দেখছেন, বিপক্ষ তাকে হুমকি বলে ব্যাখ্যা করছে।

হাতে আর মাত্র কয়েক মাস। তারপরই বাংলায় ভোটের (WB Polls 2026) দামামা বেজে যাবে। তবে রাজনৈতিক নেতাদের একে অপরকে আক্রমণ করার ‘রীতি’ এখন থেকেই শুরু হয়ে গেছে। এই যেমন, তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি (Manoj Tewari) বিজেপির বিরুদ্ধে বদলা নেওয়ার আওয়াজ তুলে দিয়েছেন।

শিবপুরের বিজয়া সম্মিলনী মঞ্চে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি বলেন – ২০২১ সালের ঘটনাগুলির বদলা ২০২৬ সালে নেওয়া হবে।

তিনি কথায়, “২০২১ সালের নির্বাচনে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের কর্মীদের রক্ত ফুটে উঠেছিল। কিন্তু দিদির নির্দেশে আমরা কোনও বদলা নিইনি। তবে মনে রাখবেন, ২০২১-এর বদলা ২০২৬-এ হবে।” তিনি আরও যোগ করেন, “বর্তমানে বিরোধীদের একটু জায়গা দেওয়া হয়েছে। তবে ২০২৬-এ বিজেপিকে ট্রেলার নয়, পুরো ছবিটাই দেখতে হবে।” মনোজের হুঁশিয়ারি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে — তারা যেমন করবে, তেমনই ফল পাবে!

তিওয়ারির এই মন্তব্যের পর রাজ্য বিজেপির নেতারা (BJP Leaders) স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। বিজেপি নেতা উমেশ রাই বলেন, “মনোজ তিওয়ারি তৃণমূলের ইতিহাসই জানেন না। ২০১১ সালে তৃণমূল ‘বদলা নয়, বদল’ স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু এরপর থেকে রাজ্যে ২০০-রও বেশি বিজেপি কর্মী নিহত হয়েছেন, বাড়ি ছিনতাই হয়েছে। এখন মন্ত্রী বলছেন ২০২১-এর বদলা ২০২৬-এ নেবেন — কিসের বদলা নেবেন?” তিনি আরও বলেন, “এবার বদলা নয়, বদল হবে। জনতা এবার জবাব দেবে।”

দুই পক্ষের এই বিবাদে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে বঙ্গে। স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তৃণমূল সমর্থকরা মন্ত্রীর বক্তব্যকে ক্ষমতা ও সতর্কতার প্রতীক বলে দেখছেন, বিপক্ষ তাকে হুমকি বলে ব্যাখ্যা করছে। পুলিশ বা প্রশাসনের কোনও মন্তব্য অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Partha Goswami

13/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई