মেসির (Lionel Messi) বাংলা আসার গুঞ্জন উঠতেই বাবার সেই স্বপ্নপূরণ করতে ময়দানে নেমে পড়েন মেয়ে নেহা পাত্র। তিনি সামাজিক মাধ্যমে মেসির প্রতি তাঁর বাবার ভালবাসার কথা তুলে ধরতে থাকেন নিয়মিত। ছবিতে ও কথায়। এমন কি কেউ এই ব্যাপারে তাঁদের সাহায্য করতে পারবেন কি না তাই নিয়েও পোস্ট লেখেন নেহা। অবশেষে মিলল সাড়া।
এমন ঘটনা তো লাখে একটা হয়! নইলে ক’জনের কপালে এ ধরনের ফ্যানবয় মুহূর্ত আসে। নায়কের সঙ্গে সাক্ষাৎ শুধু স্বপ্নেই থেকে যায়। ইছাপুরের শিবে পাত্রর (Shibe Patra) কিন্তু তা নয়। সব ঠিক থাকলে এই শীতেই নিজের হাতে লিওনেল মেসিকে (Lionel Messi) চা বানিয়ে খাওয়াবেন শিবে। তাঁর ‘ভগবানের’ হাতে তুলে দেবেন বিশেষ উপহার। এখন শুধু প্রহর গোনা, আর অপেক্ষা।
মেসির প্রতি শিবেবাবুর প্রেম এখন গোটা তল্লাটের গল্পকথা। গত ২০ বছরে নানাভাবে সেই প্রেমের প্রকাশ দেখছেন ইছাপুরের মানুষ। নবাবগঞ্জের এই চাওয়ালা শুধু যে নীল সাদা রঙে তাঁর দোকান সাজিয়েছেন তা নয়, বাড়ির রঙও বদলে ফেলেছেন। এমনকী আসবাবপত্রের রঙও নীল-সাদা।
প্রতিবছর ধুমধাম করে মেসির জন্মদিন পালন করেন শিবেবাবু। মেসির বয়স বাড়ে। তাই ওজন বাড়ে কেকের। শিবেবাবুর স্ত্রী রান্না করেন পঞ্চব্যঞ্জন। সে এক হইহই কাণ্ড। মেসি হয়তো আসেন না, কিন্তু তাঁর জন্মদিনে নিমন্ত্রিতদের তালিকাটা নেহাত ছোট হয় না। শিবেবাবুর মেয়ে নেহা বলেন, “মানুষ ঘুরতে যাওয়ার জন্য টাকা জমান। আর আমার বাবা টাকা জমান মেসির জন্য খরচ করতে। প্রতিবারের জন্মদিন হইহই করে হয়। ফুটবল টুর্নামেন্টও করেছেন মেসির নামে। প্রতিবছর মেসির মূর্তিও তৈরি করান বাবা। এলাকার অনেকেই হাসাহাসি করেন। কিন্তু আমরা তো জানি ঠিক কোন আবেগ থেকে এ সব করেন আমার বাবা। ওঁর একটাই স্বপ্ন, মেসির সঙ্গে একবার দেখা করা।”
তাই মেসির বাংলা আসার গুঞ্জন উঠতেই বাবার সেই স্বপ্নপূরণ করতে ময়দানে নেমে পড়েন মেয়ে নেহা পাত্র। তিনি সামাজিক মাধ্যমে মেসির প্রতি তাঁর বাবার ভালবাসার কথা তুলে ধরতে থাকেন নিয়মিত। ছবিতে ও কথায়। এমন কি কেউ এই ব্যাপারে তাঁদের সাহায্য করতে পারবেন কি না তাই নিয়েও পোস্ট লেখেন নেহা। অবশেষে মিলল সাড়া।
Partha Goswami
03/10/2025







