ডার্বির দিন গোনা শুরু, ইউনাইটেডকে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান

SHARE:

দুই অজি তারকা দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসের গোলে ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হোসে মোলিনার ছাত্ররা।

 যেমনটা ভেবে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ শিল্ডের (IFA Shield) সূচি তৈরি করেছিল, সেটাই এবার বাস্তবে পরিণত হল। প্রত্যাশা অনুযায়ী ইস্টবেঙ্গলের পর ফাইনালে উঠে পড়ল চির প্রতিপক্ষ মোহনবাগানও। মঙ্গলবার নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পা রেখেছিল লাল-হলুদ ব্রিগেড। এদিন পড়শি ক্লাবের পথ ধরেই কলকাতা লিগের ক্লাব ইউনাইটেড এফসিকে ২-০ গোলেই হারিয়ে ফাইনালে উঠল সবুজ-মেরুন ব্রিগেড।

কিশোর ভারতী স্টেডিয়ামে এদিন ড্র করলেও ফাইনালে উঠে পড়ত গোষ্ঠ পাল সরণির ক্লাব। লালকমল ভৌমিকের ইউনাইটেডে বিদেশি থাকলেও ধারে ও ভারে কখনওই তারা সমতুল্য ছিল না মোহনবাগানের। তবুও তারা যথেষ্ট লড়াই করেছে, এমনকি গোলও পেতে পারত। শেষ পর্যন্ত অবশ্য দুই অজি তারকা দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসের গোলে ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হোসে মোলিনার ছাত্ররা।

এদিন প্রথম একাদশে ছিলেন না বিশাল কাইথ। তাঁর জায়গায় গোলরক্ষকের দায়িত্বে ছিলেন সাইদ জাহিদ। তাঁর দক্ষতাতেই ম্যাচের ১৪ মিনিটে কোনওক্রমে রক্ষা পায় মেরিনার্স। ইউনাইটেডের নাইজেরিয়ান ফুটবলার চিজোবা ক্রিস্টোফারের শট রুখে দেন জাহিদ। ২১ মিনিটে আত্মঘাতী গোল প্রায় করে ফেলেছিলেন মেহতাব সিং। এই সময় কিছুটা অগোছাল দেখাচ্ছিল মোলিনার ছাত্রদের। বিক্ষিপ্ত ভাবে দু-একটি সুযোগ পেলও কাজে লাগাতে পারেননি দিমি, কামিন্সরা।

অবশেষে মোহনবাগান গোল পায় প্রথমার্ধের শেষ দিকে। ৪৪ মিনিটে জেসন কামিংসের মাইনাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোহন জনতার নয়নের মণি পেত্রাতোস। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পায় সবুজ-মেরুন ব্রিগেড। ৪৮ মিনিটে বাগানের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেসন কামিংস। এরপর আর কোনও গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে মোহনবাগান। এবার অপেক্ষা শুরু ফাইনালের, যেখানে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।

Partha Goswami

15/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई