সুপ্রিম কোর্টে তাঁর জামিনের বিরুদ্ধে সিবিআই-এর আবেদন বাতিল করা হয়েছে।
সারদা কাণ্ডে (Sarada Scam) বড় স্বস্তি পেলেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার (DGP Rajeev Kumar)। সুপ্রিম কোর্টে (Supreme Court) তাঁর জামিনের বিরুদ্ধে সিবিআই-এর (CBI) আবেদন আপাতত বাতিল করা হয়েছে। ৮ সপ্তাহ পরে মামলা শুনবে শীর্ষ আদালত।
শুক্রবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৮ সপ্তাহ পরে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আদালত অবমাননার আর্জি শোনা হবে। বিষয়টি নিয়ে রাজীব কুমারের আইনজীবী বলেন, বোঝানোর চেষ্টা হয়েছিল যে রাজীব কুমার, রাজ্য সরকার সব লুটেপুটে খেয়েছে। কিন্তু আসল ব্যাপার কী, তা আদালতের প্রমাণ হয়ে গেছে।
আইনজীবীর সাফ কথা, যারা এই মামলা করেছিলেন তারা পরিষ্কার জানেন এটি রাজনৈতিক উদ্দেশে করা হয়েছিল। আশা করছি তারা প্রকাশ্য ক্ষমা চাইবেন। আর এই মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যে আসা উচিত নয় সে বিষয়টিও তিনি আদালতে স্পষ্ট করেছেন। প্রশ্ন তুলেছেন তাঁর নাম জড়ানো নিয়ে।
২০১৯ সালে রাজীব কুমারকে এই মামলায় আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। গত শুনানিতে শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছিল যে, ৬ বছর পরে কেন এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে? তারপর শুক্রবারের শুনানিতে সিবিআইয়ের আবেদন আপাতত বাতিল করা হল।
সারদা চিটফান্ড মামলায় প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য সরকার। সেই তদন্তে যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় তার প্রধান ছিলেন রাজীব কুমার। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে।
সেই সময়ই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছিল যে, রাজীব কুমার সহযোগিতা করছে না। তদন্ত সংক্রান্ত বেশ কিছু তথ্য লুকিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতেই রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার ভাবনা নেয় সিবিআই। তার পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার।
Partha Goswami
17/10/2025







