পুলিশ জানিয়েছে, বিধাননগর ও ফুলবাগান থানার সহযোগিতায় ভিনরাজ্যের এই পলাতক অভিযুক্তদের আটক করা হয়েছে।
রাজস্থানের একটি খুনের মামলার তিন অভিযুক্ত কলকাতায় এসে গা ঢাকা দিয়েছিল। ফুলবাগান পুলিশ তাদের শনাক্ত করে ধরতে গেলে, অভিযুক্তরা পালানোর চেষ্টা চালায়। তবে শেষরক্ষা হয়নি।
কলকাতা স্বভূমির কাছ থেকে তাদের হাতেনাতে ধরে পুলিশ। কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে একজন ভেঙে পড়ে। আটক করা হয় তাঁদের। তারপর জানা যায়, রাজস্থানের ব্যবসায়ীর খুনে যুক্ত তারা। বর্তমান লালবাজারে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে তারা।
জানা গিয়েছে, অভিযুক্তদের মাথায় এক লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। ইতিমধ্যেই রাজস্থান পুলিশ রওনা দিয়েছে পশ্চিমবঙ্গের উদ্দেশে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা রাজস্থানের কুচমন থানার একটি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় কাদাপাড়া ফুলবাগান এলাকায় স্থানীয়রা তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন এবং খবর দেন পুলিশকে। ফুলবাগান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করার চেষ্টা করে।
তদন্তকারীদের মুখে মিথ্যা তথ্য উপস্থাপন করলেও তা ততক্ষণে ধরা পড়ে। পালানোর চেষ্টায় অভিযুক্তরা সল্টলেকের পূর্বাচল এলাকায় একটি আবাসনে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত ধরা পড়ে। প্রথমে তারা আবাসনের চারতলায় উঠলেও নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে পালায়। পরে সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে আইপিএস কোয়ার্টারের নিরাপত্তা কর্মীরা এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের ধরে ফেলা হয়।
Partha Goswami
17/10/2025







