লোকসভা ভোটের পর পরই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ব্যাপারে একবার আলোচনা শুরু হয়েছিল। কিন্তু ভোটের ফল প্রকাশের দু’মাসের মধ্যে আরজি করের ঘটনা ঘটে যায়। তাতে দলের জেলা স্তরে সাংগঠনিক রদবদলও ধাক্কা খেয়ে যায়, মন্ত্রিসভায় রদবদল তো পরের কথা। সংগঠনের সেই রদবদল সবে পুজোর আগে শেষ হয়েছে। ছাব্বিশের ভোটের আগে আর পাঁচ মাস বাকি। ফলে এখন আর মন্ত্রিসভায় রদবদল হবে না বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার খুব নাটকীয়ভাবে গুজরাতের সব মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল (Bhupendra Patel) ছাড়া মন্ত্রিসভার সব মন্ত্রীর এক ধাক্কায় পদ চলে যায়। যা অতীতের কামরাজ প্ল্যানের মতই। তার পর শুক্রবার দুপুরে শপথ নেয় নতুন মন্ত্রিসভা। তাতে জায়গা পেয়েছেন ২৬ জন নতুন মুখ তথা মন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন, ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজাও। উল্লেখযোগ্য হল, পুরনোদের প্রায় কেউই ঠাঁই পাননি নয়া মন্ত্রিসভায়।
গুজরাতের এই ঘটনা বহু রাজ্যেই রাজ্য রাজনীতিতে উৎকণ্ঠা তৈরি করে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো থরহরি অবস্থা। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে এই স্পষ্ট বার্তা চলে গেছে যে, মন্ত্রীদের আসন এখন বাসের লেডিস সিটের মতই। এমনিতেই এই রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রী পদে যাঁরা রয়েছেন তাঁরা কেউই স্বমহিমায় বিশেষ আলোকিত নন। অতীতের বসুন্ধরা রাজে, শিবরাজ সিং বা বর্তমানে নিদেন পক্ষে যোগী আদিত্যনাথের মতো নন, যাঁদের গোটা রাজ্যে ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে বা জনভিত্তি রয়েছে। এঁরা দিল্লির আলোয় আলোকিত। দিল্লি তাঁদের মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে। বাকি মন্ত্রীদেরও অবস্থাও কমবেশি তাই। বৃহস্পতিবারের ঘটনা দেখিয়ে দিয়েছে, দিল্লি যেমন তাঁদের বসাতে পারে, তেমন সরিয়েও দিতে পারে যে কোনও মুহূর্তে।
শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, গুজরাতে মন্ত্রিসভায় রদবদল নিয়ে বাংলাতেও শাসক দলের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। দলের মধ্যেই আলোচনা রয়েছে যে, রাজ্য মন্ত্রিসভায় এমন অনেক মন্ত্রী রয়েছেন, যাঁদের পারফরমেন্স মোটেও ভাল নয়। এঁদের অনেকে তৃণমূল তৈরি হওয়ার সময় থেকে দিদির সঙ্গে ছিলেন। কেউ বা সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের সময়ে জুড়েছেন। দিদি এখনও তাঁদের সহানুভূতির সঙ্গে দেখেন। তাই মন্ত্রিসভায় টিকে আছেন। কিন্তু কেজো মন্ত্রী নন। অনেক মন্ত্রী রয়েছেন, দফতরের কাজের সঙ্গে তাঁদের প্রায় সম্পর্কই নেই। নবান্নের পরামর্শে সচিবরাই দফতর চালাচ্ছেন।
Partha Goswami
17/10/2025







