‘জীবিকা দিদিদের’ সরকারি মর্যাদা, মাসে ৩০ হাজার টাকা বেতন! ভোটের আগে বড় প্রতিশ্রুতি তেজস্বীর

SHARE:

তেজস্বীর অভিযোগ, বিহারের বর্তমান ‘ডাবল ইঞ্জিন’ সরকার উন্নয়ন নয়, দুর্নীতি বাড়াচ্ছে। দারিদ্র্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি সবই আগের মতোই চলছে।

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Bidhansabha Election) আর কয়েক সপ্তাহ বাকি। তার আগে রাজ্যের মহিলাদের বড় প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি জানান, ক্ষমতায় এলে বিহারের গ্রামীণ জীবিকা মিশনের সঙ্গে যুক্ত মহিলাদের, যাঁরা ‘জীবিকা দিদি’ (Jivika Didi) বলে পরিচিত, তাঁদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হবে এবং তাঁরা মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।

তেজস্বীর কথায়, “আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, তা যে করেই হোক পূরণ করব। জীবিকা দিদিদের যে শোষণ হয়েছে, তা ভাষায় বোঝানো যায় না।” তিনি আরও জানান, তাঁদের কাজের পরিবেশ ও অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এও ঘোষণা করেছেন, আগামী দুই বছরের জন্য জীবিকা দিদিদের ঋণের সুদ মকুব করা হবে। এই সময় তাঁরা বিনা সুদে ঋণ সুবিধা, অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা, এবং ৫ লক্ষ টাকার বিমা কভারেজ পাবেন।

তেজস্বীর অভিযোগ, বিহারের বর্তমান ‘ডাবল ইঞ্জিন’ (Double Engine) সরকার উন্নয়ন নয়, দুর্নীতি বাড়াচ্ছে। দারিদ্র্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি সবই আগের মতোই চলছে। তেজস্বীর দাবি, এবার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সময় এসেছে। এই পরিপ্রেক্ষিতেই তিনি ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে আরজেডি সরকার দুটি নতুন জনকল্যাণ প্রকল্প চালু করবে – ‘বেটি’ (BETI) এবং ‘মা’ (MAA)। এই প্রকল্পের আওতায় থাকবে বাসস্থান, খাদ্য ও আয় সংক্রান্ত সহায়তা, যা রাজ্যের পরিবারগুলির জীবনযাত্রা উন্নত করার লক্ষ্যেই গঠিত।

গত বুধবারই আরজেডি বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মোট ১৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাঁদের মধ্যে ২৪ জন মহিলা প্রার্থী। তেজস্বী যাদব নিজে রাঘোপুর থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে ললিত যাদব (দরভাঙ্গা রুরাল), দিলীপ সিং (বরাউলি), রাম বিলাস পাসোয়ান (পিরপাইন্তি, তফশিলি জাতি আসন) এবং সাবিত্রী দেবী (চাকাই) থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এই ঘোষণার সঙ্গে প্রায় স্পষ্ট হয়ে গেছে মহাজোটের (Mahagathbandhan) আসন বণ্টনও। আরজেডি লড়বে ১৪৩টি আসনে, কংগ্রেস ৬১টি, সিপিআই (এমএল) ২০টি আসনে, আর বাকি আসন যাবে মুকেশ সাহানির ভিআইপি পার্টির ভাগে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, শেষ মুহূর্তে সামান্য আসন সমন্বয় হতে পারে বলেও সূত্রের খবর।

Partha Goswami

22/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई