প্রয়াগরাজে ব্যস্ত রাস্তায় সাংবাদিককে কুপিয়ে খুন! নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন

SHARE:

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ফের সাংবাদিক খুন। ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে ঘটে গেল নৃশংস হামলা, নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

যোগীরাজ্যে নৃশংসভাবে খুন করা হল বর্ষীয়ান সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিং (৫৪)-কে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিভিল লাইন্স থানার কাছে ঘটে এই ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হর্ষ হোটেলের সামনে আচমকাই দুই দুষ্কৃতী লক্ষ্মী নারায়ণের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে নির্বিচারে কোপাতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা তাঁর পেটে একাধিকবার ধারালো অস্ত্রের আঘাত করেছে। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্মীবাবু। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু গভীর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাংবাদিকের।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক দুই রয়েছে। প্রয়াগরাজ পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে চিহ্নিত করা গেছে। তাঁদের মধ্যে এক দুষ্কৃতীকে ধরতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। আত্মরক্ষার্থে গুলি চালানো হয় এবং সেই গুলি অভিযুক্তের পায়ে লাগে। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য অভিযুক্তের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

একজন সাংবাদিকের এমন নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে সংবাদমহল। স্থানীয় সংবাদকর্মীরা দাবি তুলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

কিন্তু কী কারণে খুন, তা এখনও জানা যায়নি। সেনিয়ে পুলিশ কোনও তথ্য দিতে পারেনি। মনে করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের পর তা সামনে আসবে।

Partha Goswami

24/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई