দেশে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ। রাজধানী থেকে আইএস মডিউল ভেঙে ফেলে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লিতে আইএস (Islamic State of Iraq and Syria বা ISIS)-এর সঙ্গে যুক্ত একটি জঙ্গি মডিউল ভেঙে দিল দিল্লি পুলিশ। শুক্রবার জানানো হয়েছে, এই অভিযানে দুই জঙ্গিকে গ্রেফতার করেছেন তাঁরা। তাদের মধ্যে একজনের নাম আদনান।
সে মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা, অপরজনের বাড়ি দিল্লিতেই। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দিল্লির সাদিক নগর ও ভোপালে যৌথ অভিযান চালিয়ে দু’জনকে আটক করে পুলিশ, পরে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের যোগ থাকতে পারে, জিজ্ঞাসাবাদ চলছে।
দিল্লি পুলিশের এক আধিকারিক ভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, অভিযুক্তরা আইএস সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং রাজধানী দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক কষছিল। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ইলেকট্রনিক যন্ত্রপাতি ও নাশকতার সঙ্গে যুক্ত প্রমাণস্বরূপ সামগ্রী। পুলিশের দাবি, এই গ্রেফতারির ফলে রাজধানীতে সম্ভাব্য এক সন্ত্রাস হানার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
সেপ্টেম্বরে ধরা পড়েছিল পাকিস্তান-ঘেঁষা আরেক মডিউল
এর আগেও চলতি বছরের সেপ্টেম্বরে দিল্লি পুলিশ একটি পাকিস্তান-ঘেঁষা সন্ত্রাস মডিউল ভেঙে ফেলে। সেই সময় রাজধানী, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশজুড়ে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছিল, ধৃতদের নাম আশার দানিশ, আফতাব, সুফিয়ান, মুজাপা এবং কামরান কুরেশি ওরফে সমর খান। দানিশকে ধরা হয় ঝাড়খণ্ডের রাঁচি থেকে। আফতাব ও সুফিয়ান মুম্বইয়ের বাসিন্দা, আর মুজাপাকে আটক করা হয় তেলঙ্গানা থেকে।
Partha Goswami
24/10/2025







