অভিযোগ, পুরসভার গাফিলতি আর নিয়মিত পরিষেবা না থাকাই এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ।
রাজপুর-সোনারপুরে ফের ডেঙ্গির থাবা। একই পরিবারের দু’জনের মৃত্যুর ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক (Dengue death in Kolkata)। অভিযোগ, পুরসভার গাফিলতি আর নিয়মিত পরিষেবা না থাকাই এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ।
ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার (Dengue death in Rajpur Sonarpur Municipality) ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনির। স্থানীয় সূত্রে খবর, শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যান এম. আর. বাঙ্গুর হাসপাতালে। এর আগে, চলতি মাসের ৬ তারিখে তাঁর স্বামী বিপ্লব সরদার (৪৫) একই রোগে প্রাণ হারান। পরপর দুই মৃত্যুর ঘটনায় শোক আর ক্ষোভে ফেটে পড়েছে এলাকা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, “নিয়মিত ড্রেন পরিষ্কার হয় না, মশা মারার ওষুধ ছিটানোও অনিয়মিত। পুরসভার অবহেলার জেরেই এখন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে।” আতঙ্কে অনেক পরিবারই ইতিমধ্যেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
রবিবার কাউন্সিলর দেবব্রত মণ্ডল ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ বাসিন্দারা ঘিরে ধরেন তাঁকে। পুরসভার পরিষেবা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয়রা।
তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলেন, “পুরসভার ড্রেনে কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার কারণেই এমনটা ঘটছে।”
তবুও বাসিন্দাদের বক্তব্য, “পুর প্রশাসনের গাফিলতিই ডেঙ্গি ছড়ানোর প্রধান কারণ। নিয়মিত ফগিং বা পরিষ্কার না হওয়ায় গোটা এলাকা এখন ডেঙ্গির প্রজননক্ষেত্র হয়ে উঠেছে।”
পরপর দুই মৃত্যুর পর এখন ক্ষুদিরাম কলোনি যেন আতঙ্কের গ্রাম। সকলে একটাই দাবি— তৎপর হোক পুরসভা, বন্ধ হোক এই মৃত্যু-রহস্যের ডেঙ্গি-ছায়া।
Partha Goswami
26/10/2025







