Australian Open: আয়ুষ শেট্টিকে হারিয়ে সেমিফাইনালে লক্ষ্য, ট্রফির খরা কাটানোই আসল টার্গেট!

SHARE:

এই জয়ের সুবাদে লক্ষ্য এখন পুরুষ সিঙ্গলসে একমাত্র ভারতীয়। সিনিয়রদের মধ্যে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছেন এইচ.এস. প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত।

অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০–এর পুরুষ সিঙ্গলসে শেষ চারে জায়গা করে নিলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন আয়ুষ শেট্টিকে (Ayush Shetty)। স্কোরলাইন ২৩–২১, ২১–১১; ম্যাচ শেষ হয় ৫৩ মিনিটে।

লক্ষ্য টুর্নামেন্টের সাত নম্বর বাছাই। এ বছরের গোড়ায় হংকং ওপেনের একই পর্বে শেট্টিকে হারিয়েছিলেন তিনি। সিডনিতেও ছবিটা বদলাল না। প্রথম গেমে টানটান লড়াই হলেও শেষ মুহূর্তে ঠান্ডা মাথার খেলায় এগিয়ে গেলেন লক্ষ্য। দ্বিতীয় গেম সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে ম্যাচ শেষ করলেন।

যদিও পয়লা গেমে লক্ষ্য পিছিয়ে পড়েন ৬–৯ ও ৯–১০ ব্যবধানে। এরপর টানা চার পয়েন্ট তুলে এগিয়ে যান ১৩–১০–এ। কিন্তু শেট্টি—যিনি ইউএস ওপেন সুপার ৩০০–র চ্যাম্পিয়ন—বারবার ব্যবধান কমিয়ে ম্যাচে চাপ ধরে রাখছিলেন। স্কোর দাঁড়ায় ২১–২১। সেখান থেকে লক্ষ্য দু’পয়েন্ট তুলে গেম জিতে নেন ২৩–২১–এ।

দ্বিতীয় গেমে ছবিটা পাল্টে যায়। শুরু থেকেই ম্যাচের ছন্দ নিজের হাতে তুলে নেন লক্ষ্য। দ্রুত ৬–১–এ এগিয়ে যান। শেট্টি আগের তীব্রতা ধরে রাখতে পারেননি। লক্ষ্য ব্যবধান বাড়ান—১৫–৭, তারপর ২১–১১। অভিজ্ঞতা ও শার্প শট–মেকিংয়ের ফারাক স্পষ্ট ধরা পড়ে।

এই জয়ের সুবাদে লক্ষ্য এখন পুরুষ সিঙ্গলসে একমাত্র ভারতীয়। সিনিয়রদের মধ্যে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছেন এইচ.এস. প্রণয় ও কিদাম্বি শ্রীকান্ত। ফলে শেষ চারে ওঠা লক্ষ্য দেশের শেষ ভরসা। এবার সেমিফাইনালে মুখোমুখি হবেন চাইনিজ তাইপের চৌ থিয়েন চেনের (Chou Tien Chen)। বিশ্বের ৯ নম্বর ও দ্বিতীয় বাছাই চৌ কোয়ার্টারে কিস্তিমাত দিয়েছেন ইন্দোনেশিয়ার ফারহান আলউইকে—১৩–২১, ২৩–২১, ২১–১৬। আলউই-ই আগের রাউন্ডেই ছিটকে দেন প্রণয়কে। এ মরসুমে লক্ষ্য হংকং ওপেনের ফাইনালে উঠেছিলেন, তবে এখনও শিরোপা অধরা। সিডনিতে এই খরা মেটাতে মুখিয়ে থাকবেন তিনি।

Partha Goswami

21/11/2025

Vnn Times Today
Author: Vnn Times Today