পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (JeM) এক হ্যান্ডলার ‘হানজুল্লা’, বিস্ফোরক বানানোর ভিডিও পাঠিয়েছিল ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিলকে। অনুমান করা হচ্ছে, ‘হানজুল্লা’ নামটি ভুয়ো, আসল পরিচয় গোপন রাখতেই এই ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।
আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই, সেইমতো প্রস্তুতিও নিচ্ছিল সন্দেহভাজন জঙ্গি-চিকিৎসকরা। দিল্লি বিস্ফোরণের (Delhi Red Fort Blast) তদন্তে এই বিষয়টি আগেই জানিয়েছে এনআইএ। এবার আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এল তাদের হাতে। দিল্লির আত্মঘাতী বোমারু উমর কয়েকমাস ধরেই নিয়মিত অনলাইনে ভিডিও (Online Video) বানিয়ে মানুষকে জঙ্গি কার্যকলাপের প্রতি প্রভাবিত করার চেষ্টা করছিল।
জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) তদন্তে জানা গেছে, উমর উন-নবির ভিডিওতে উগ্রপন্থী মতবাদ, আত্মঘাতী হামলাকে ‘বীরত্ব’ বলে দেখান হত। একাধিক ভিডিওতে ভারত বিরোধী মন্তব্য করেছেন। তিনি আফগান মুজাহিদিন বা তালিবানের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেন যে সাধারণ মানুষও নাকি ‘বিশ্বশক্তি’-কে হারাতে পারে। তদন্তকারীরা এই ধরনের ১২টি ভিডিও উদ্ধার করেছেন। যার মধ্যে একটিতে তাকে বলতে শোনা গেছে, ‘যদি আল্লাহর উপর তোমার ভরসা থাকে, তাহলে ভারতকেও হারানো সম্ভব।’
উমর শুধু ভিডিও বানাতেন না, বরং হরিয়ানা’র আল-ফালাহ ইউনিভার্সিটিতে (Al Falah University) তাঁর সঙ্গে যুক্ত ‘হোয়াইট কলার’ জঙ্গি মডিউলের অন্যান্য সদস্যদের এগুলো পাঠাতেন। এই ভিডিওগুলি শেয়ার করার জন্য তাদের একাধিক গ্রুপ বানানো ছিল, যেখানে আত্মঘাতী হামলা নিয়ে অনলাইন সেশনও নিতেন বলে সন্দেহ।
তদন্তে আরও জানা গেছে, পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (JeM) এক হ্যান্ডলার ‘হানজুল্লা’, বিস্ফোরক বানানোর ভিডিও পাঠিয়েছিল ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিলকে। অনুমান করা হচ্ছে, ‘হানজুল্লা’ নামটি ভুয়ো, আসল পরিচয় গোপন রাখতেই এই ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।
সূত্রের খবর, কাশ্মীরের নওগাঁও এলাকায় গত অক্টোবরে যেসব জইশের পোস্টার পাওয়া গিয়েছিল, তাতেও লেখা ছিল- ‘কম্যান্ডার হানজুল্লা ভাই’। সেই পোস্টার পাওয়ার পরই জঙ্গি নেটওয়ার্ক নিয়ে সন্দেহ তৈরি হয় এবং পরবর্তীতে দিল্লি বিস্ফোরণের তদন্তে একই নাম উঠে আসায় বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে।
এনআইএ এখন এই ‘হানজুল্লা’-র আসল পরিচয় ও অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ করে, কীভাবে এবং কোন মাধ্যমে সে ভারতে থাকা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখত, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিস্ফোরণের পরিকল্পনায় জইশের বড় কোনও নেটওয়ার্ক জড়িত ছিল কি না, তাও অনুসন্ধান করছে তদন্তকারীরা।
Partha Goswami
21/11/2025







