অর্থ দফতর ছাড়পত্র না দিলেও রাজ্যের সিইও অফিসের ঠিকানা পাল্টাচ্ছে, বন্দোবস্ত করছে কমিশন

SHARE:

কলকাতায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Shipping Corporation of India) স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার দুটি ফ্লোর নেওয়া হচ্ছে বলে সূত্র মারফৎ জানা গেছে।

রাজ্যের সিইও অফিসের (CEO Office) ঠিকানা পাল্টাচ্ছেই। অর্থ দফতর ছাড়পত্র না দিলেও এই সিদ্ধান্ত চলতি মাসেই কার্যকর করা হবে বলে সূত্রের খবর। বিষয়টির বন্দোবস্ত করছে খোদ জাতীয় নির্বাচন কমিশন (ECI)।

আগেই সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল। কমিশনের চিঠির জবাব এখনও নবান্ন (Nabanna) দেয়নি। এ ব্যাপারে সদর্থক কোনও জবাব পাওয়া যাবে না বলেই মনে করছে সিইও অফিস। ফলে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের (CEO Office) ঠিকানা বদলানোর এই খবরে আবার কমিশন-নবান্ন সংঘাতের আবহ তৈরি হল।

কেন অফিস বদল করতে চায় কমিশন?

মধ্য কলকাতায় সিইও-র যে দফতর রয়েছে তা আয়তনে ছোট। আরও বড় অফিস দরকার মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO)। এমন কারণেই ওই অফিসের ঠিকানা বদলাতে চাইছে কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং সিইও দফতরের মধ্যে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) হয়। সেই বৈঠকে ফের এই প্রসঙ্গ ওঠে বলে সূত্রের খবর।

কলকাতায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Shipping Corporation of India) স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার দুটি ফ্লোর নিতে উদ্যোগী কমিশন বলে আগেই জানা গেছিল। গত বুধবার ওই বিল্ডিংয়ের অফিস ফ্লোরও পরিদর্শন করে এসেছেন সিইও-র আধিকারিকরা। তবে অফিস ঠিক কবে স্থানান্তর হবে, সে বিষয়ে এখনও স্পষ্টত কোনও তথ্য মেলেনি। যদিও সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পন্ন করার চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত, শিপিং কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনে রয়েছে। ঘটনাচক্রে জাহাজ প্রতি মন্ত্রী হলেন রাজ্য বিজেপি নেতা তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Santanu Thakur)। তাই মনে করা হচ্ছে, এই বিল্ডিংয়ে অফিস স্থানান্তর করতে বেশি ভাবছে না কমিশন।

আসলে নির্বাচন কমিশন (ECI) এবং নবান্নের (Nabanna) সম্পর্কের মোড় ঘোরে যখন রাজ্যের সিইও তথা মুখ্য নির্বাচন আধিকারিককে আর্থিক স্বাধীনতা দেওয়া নির্দেশ দেয় তারা। সেই সময়ই মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস বদলানোর কথা বলা হয়েছিল। এখন এসআইআরের আবহে কমিশনের অফিস বদলের বিষয়টি যেন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

Partha Goswami

01/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई