রবিবার রাত ৮টার মধ্যেই রিফান্ড সারতে হবে ইন্ডিগোকে, নাহলে কড়া পদক্ষেপ, হুঁশিয়ারি কেন্দ্রের

SHARE:

মন্ত্রকের বিবৃতিতে আরও উল্লেখ, অটোমেটিক রিফান্ড সিস্টেম চালু থাকবে যতক্ষণ না ইন্ডিগোর স্বাভাবিক পরিষেবা পুরোপুরি স্থিতিশীল হয়।

দেশের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগো (IndiGo)-র পরপর পাঁচ দিন ধরে চলা ব্যাপক ফ্লাইট-বিভ্রাটে (IndiGo flight disruptions) বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এই পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক (aviation ministry)। শনিবার মন্ত্রক সরাসরি নির্দেশ দিয়েছে, বাতিল হওয়া সব ফ্লাইটের রিফান্ড (IndiGo flight refund) প্রক্রিয়া রবিবার রাত ৮টার মধ্যে যে কোনও পরিস্থিতিতেই শেষ করতে হবে। সময়সীমা মানতে ব্যর্থ হলে তৎক্ষণাৎ শুরু হবে নিয়ম মেনে শাস্তিমূলক ব্যবস্থা।

শুক্রবারের পর শনিবারও নানা সমস্যার সম্মুখীন ইন্ডিগোর পরিষেবা। শুধু শনিবারই দেশের বিভিন্ন বিমানবন্দরে ৪০০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে (IndiGo flight cancellation)। তার আগের দিন ছিল বাতিলের সংখ্যা এক হাজারেরও বেশি। ফলে একটানা পাঁচ দিন ধরে নাকাল হয়েছেন বহু যাত্রী – কেউ আটকে পড়েছেন অন্য শহরে, কেউ বা ঘণ্টার পর ঘণ্টা লাউঞ্জে বসে থেকেও কোনও তথ্য পাননি।

এই পরিস্থিতিতে মন্ত্রকের স্পষ্ট নির্দেশ, যে সমস্ত যাত্রীর ভ্রমণ পরিকল্পনায় এ কারণে ব্যাঘাত ঘটেছে, তাঁদের কাছ থেকে কোনওভাবেই রি-শিডিউলিং চার্জ নেওয়া যাবে না।

শুধু তাই নয়, ইন্ডিগোকে আরও বলা হয়েছে, যাত্রীদের সহায়তার জন্য ‘ডেডিকেটেড প্যাসেঞ্জার সাপোর্ট অ্যান্ড রিফান্ড ফ্যাসিলিটেশন সেল’ তৈরি করতে হবে। এই বিশেষ সেলই সরাসরি যোগাযোগ করবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে এবং নিশ্চিত করবে যাতে বারবার যোগাযোগ করতে না হয়। রিফান্ড এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থা দু’টোই দ্রুত সম্পন্ন করতে হবে।

মন্ত্রকের বিবৃতিতে আরও উল্লেখ, অটোমেটিক রিফান্ড সিস্টেম চালু থাকবে যতক্ষণ না ইন্ডিগোর স্বাভাবিক পরিষেবা পুরোপুরি স্থিতিশীল হয়।

যাত্রীদের লাগেজ নিয়েও কঠোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। বাতিল বা দেরির কারণে যেসব যাত্রীর ব্যাগেজ আলাদা হয়ে গিয়েছে,
সেগুলি পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাগেজ-ট্রেসিং প্রক্রিয়া শেষ করে যাত্রীদের হাতে পৌঁছে দিতে হবে।

ইন্ডিগোর লাগাতার পরিষেবা ব্যাহত হওয়ায় যেখানে যাত্রীরা ক্ষুব্ধ, সেখানে এয়ারলাইন্সের ওপর কেন্দ্রের চাপও বাড়ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে মন্ত্রক – এমন বার্তাই পরিষ্কারভাবে দিয়ে রাখল তারা।

Partha Goswami

06/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई