শুভেন্দু-দিলীপের এই জয়ের দাবি শেষ পর্যন্ত ইভিএমে কতটা প্রতিফলিত হয়, তা স্পষ্ট হবে আগামী ৪ মে। আপাতত সকালের দিকে ভোটগ্রহণের গতিপ্রকৃতি দেখে খুশি গেরুয়া শিবির।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। আর এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোট দিয়ে বেরিয়েই শুভেন্দুর সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “আমরা আসছি।”
সকাল সকাল শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরোনোর সময় আত্মবিশ্বাসী মেজাজে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। ভোট দেওয়ার আগে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “পরিবর্তন আনুন। বিজেপির হাতে দায়িত্ব দিন। শান্তিপূর্ণ ভোটের প্রার্থনা করুন।” নির্বাচনের আগের রাতে বিক্ষিপ্ত অশান্তির খবর থাকলেও, বড়সড় কোনও গোলমাল না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। শুভেন্দু তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, “খুব একটা উৎপাত করতে পারেনি, পারবেও না। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে এর জন্য ধন্যবাদ দেওয়া যেতেই পারে।”
অন্যদিকে, খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও এদিন সকালে নিয়ম মেনে প্রাতঃভ্রমণে বেরোন। নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত দিলীপবাবু বলেন, “বাঙালি মাছভাত খায় এটা যেমন প্রমাণ করতে হয় না, তেমনই দিলীপ ঘোষ যে খড়্গপুরের ঘরের লোক, সেটা প্রমাণ করার দরকার নেই। খড়্গপুর বিজেপির সঙ্গেই আছে।”
খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দান করেন তিনি। ভোট দেওয়ার পর তিনি জানান, বর্তমানে পরিস্থিতি যথেষ্ট শান্তিপূর্ণ এবং পরিবেশ ঠিক রয়েছে। তিনি বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে তবেই বেরোব। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দিচ্ছে বিজেপি সরকার আসা শুধু সময়ের অপেক্ষা।”
দিলীপ ঘোষের দাবি, এবার নির্বাচনে মানুষ ভয় কাটিয়ে প্রকাশ্যে বিজেপির হয়ে কথা বলছে। তাঁর কথায়, “মমতা হেরেই গেছেন। চারিদিকে এখন বিজেপির আবহাওয়া। আগে মানুষ এতটা প্রকাশ্যে কিছু বলত না, এখন নির্ভয়ে বলছে।”
বাংলার নির্বাচনের প্রথম দফার এই ভোটে দুই হেভিওয়েট নেতার এই আত্মবিশ্বাস রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার আজ নির্ধারণ করছেন বাংলার পরবর্তী ভাগ্য। শুভেন্দু-দিলীপের এই জয়ের দাবি শেষ পর্যন্ত ইভিএমে কতটা প্রতিফলিত হয়, তা স্পষ্ট হবে আগামী ৪ মে। আপাতত সকালের দিকে ভোটগ্রহণের গতিপ্রকৃতি দেখে খুশি গেরুয়া শিবির।
Partha Goswami
23/04/2026







