সংসদে বন্দে মাতরম নিয়ে বিতর্কের সূচনা করবেন মোদী, মহুয়া, কাকলি বলবেন বাংলায়

SHARE:

এবছরে বন্দে মাতরম স্তোত্র তথা সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে। বছরভর জাতীয় সঙ্গীতের মর্যাদা নিয়ে যদুনাথ ভট্টাচার্যের সুরারোপিত এই গানের ১৫০ বছর পূর্তি পালন করা হবে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম নিয়ে আজ, সোমবার সংসদে বিতর্কের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এবছরে বন্দে মাতরম স্তোত্র তথা সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উদযাপন হচ্ছে। বছরভর জাতীয় সঙ্গীতের মর্যাদা নিয়ে যদুনাথ ভট্টাচার্যের সুরারোপিত এই গানের ১৫০ বছর পূর্তি পালন করা হবে। প্রধানমন্ত্রীর বিতর্কের সূচনার পর দীর্ঘক্ষণ এই গানের মর্যাদা নিয়ে আলোচনা চলবে।

সংসদের এই বিষয়ে আলোচনার জন্য আটঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। এদিন লোকসভার বিতর্ক দিয়ে আলোচনা শুরু করতে চলেছেন মোদী। মঙ্গলবার রাজ্যসভায় বিতর্কের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রে জানা গিয়েছে, এই আলোচনার মধ্য দিয়ে বন্দে মাতরম সঙ্গীত নিয়ে অনেক অজানা তথ্য দেশের সামনে চলে আসবে।

তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র ও কাকলি ঘোষদস্তিদার লোকসভার বক্তা ও রাজ্যসভায় বলবেন সুখেন্দুশেখর রায় ও ঋতব্রত চট্টোপাধ্যায়। তৃণমূলের বক্তারা বাংলায় ভাষণের মধ্য দিয়ে এই আলোচনার গুরুত্বকে আরও বিকশিত করে তুলবেন বলে এক পদস্থ নেতা জানিয়েছেন।

কংগ্রেসের তরফে লোকসভায় বক্তব্য বলবেন গৌরব গগৈ ও রাজ্যসভার বিরোধী দলনেতা, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাজ্যসভায় মতপ্রকাশ করবেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে এই গানের মূল্যবান কিছু পংক্তি বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ, ১৯৩৭ সালে কংগ্রেস বন্দে মাতরমের কিছু অংশ বাদ দিয়ে এদেশে দেশভাগের বীজ বপন করেছিল। গত ৭ নভেম্বর মোদী বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি পালনের সূচনা করেছিলেন।

শীত অধিবেশনেই সংসদে নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক হবে। সেখানে বিতর্কিত বিশেষ ভোটার সংশোধন প্রক্রিয়া নিয়ে তুমুল বিতর্ক হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বিরোধীরা একযোগে এই পদ্ধতিতে বিজেপি বিরোধীদের বেছে বেছে তালিকা থেকে নাম মুছে দেওয়ার অভিযোগ তুলে চলেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার এ বিষয়ে দলের বক্তব্য তুলে ধরবেন বলে জানা গিয়েছে। রাজ্যসভায় এনিয়ে বিতর্ক শুরু হবে বুধবার।

Partha Goswami

08/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today