ইন্ডিগোর বিমান-বিভ্রাটে দুর্ভোগের কথা মেনেও জরুরি শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

SHARE:

সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে আদালতের অপেক্ষা করা উচিত।

দেশজুড়ে ইন্ডিগোর উড়ান-বিভ্রাট নিয়ে জরুরি ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি গ্রহণ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। সুতরাং এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে আদালতের অপেক্ষা করা উচিত। প্রসঙ্গত, গত সপ্তাহের মঙ্গলবার থেকে এ পর্যন্ত ইন্ডিগোর প্রায় ৪,৫০০ উড়ান হয় বাতিল নয়তো দেরিতে চলেছে। যা নিয়ে লক্ষ লক্ষ যাত্রী চরম দুর্ভোগে রয়েছেন।

এক আইনজীবী আবেদনে উল্লেখ করেন, দেশজুড়ে ৯৫টি বিমানবন্দর প্রায় ২,৫০০ উড়ান চলাচলে বিভ্রাট ঘটেছে। যার ফলে বহু মানুষ ভোগান্তির মধ্যে পড়েন। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে গঠিত বেঞ্চের মতে, বহু মানুষ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন এবং কেউ কেউ অসুস্থ হয়েও পড়েছেন।

এরপরেও আদালত বলে, কেন্দ্র বিষয়টি সম্পর্কে অবগত। এবং তারা পদক্ষেপ করেছে। আমরা বুঝতে পারছি লাখে লাখে মানুষ আটকে রয়েছেন। তাঁদের অনেকেরই জরুরি কাজ ছিল, কিন্তু তাঁরা তা করতে পারেননি। কিন্তু, ভারত সরকার বিষয়টি জেনে এ ব্যাপারে পদক্ষেপ করেছে। ফলে এ নিয়ে খুব জরুরি কিছু আছে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।

উল্লেখ্য, প্রায় একই ধরনের একটি আবেদন জমা পড়েছে দিল্লি হাইকোর্টেও। বেঞ্চ বলেছে, সরকার যখন সক্রিয়ভাবে বিষয়টি দেখছে, তখন বিচারবিভাগের উচিত নয় তাদের উপর হস্তক্ষেপ করা। ইন্ডিগোর বিমান পরিষেবায় সংকট (Indigo flight cancellation crisis)  সোমবার সপ্তম দিনে পড়ল। অপারেশন্যাল সংকট (Operational crisis) সোমবারও অব্যাহত। দিল্লিমুম্বইচেন্নাইহায়দরাবাদবেঙ্গালুরু মিলিয়ে শতাধিক ফ্লাইট বাতিল (hundreds of flights cancelled) করা হয়েছে সকাল থেকে। বিমানবন্দরে যাওয়ার পর ফ্লাইট বাতিলের খবর পেয়ে তীব্র ক্ষোভ উগরে দেন যাত্রীরা। তীব্র রোষের মুখে পড়েছেন বিমান কর্মীরা। নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা কোনওক্রমে পরিস্থিতি সামাল দিচ্ছেন। কলকাতা বিমানবন্দর নিয়ে নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।

Partha Goswami

08/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today