অভিযোগের সুত্রপাত সরবেড়িয়া মোড়ের জমিকে ঘিরে। বহু দিন ধরেই দাবি করে আসছে মণ্ডল পরিবার—শাহজাহান মার্কেট যে জায়গায় গড়ে উঠেছে, সেই জমির মালিক তারা।
সন্দেশখালির রাজনীতি ফের সরগরম। জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ‘ছায়া’ এখনও ঘুরপাক খাচ্ছে নদীঘেরা সরবেড়িয়া অঞ্চলে!
অভিযোগ, কারাগারের চার দেওয়ালের মধ্যে থেকেই নাকি চলছে তাঁর নির্দেশ—আর সেই নির্দেশ মেনে অনুগামীরা হুমকি দিচ্ছেন সাধারণ মানুষকে। অভিযোগের নিশানায় এবার শাহজাহানের ঘনিষ্ঠ মোসলেম শেখ।
অভিযোগের সুত্রপাত সরবেড়িয়া মোড়ের জমিকে ঘিরে। বহু দিন ধরেই দাবি করে আসছে মণ্ডল পরিবার—শাহজাহান মার্কেট যে জায়গায় গড়ে উঠেছে, সেই জমির মালিক তারা। সেই দাবি জানিয়ে সরকারি দফতর থেকে শুরু করে সিবিআই পর্যন্ত দরজায় কড়া নাড়েন তাঁরা। আদালতও তাঁদের পক্ষেই রায় দেয়। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেই চলছে বাজারের দাপট।
মণ্ডল পরিবারের অভিযোগ আরও গুরুতর—২০২৪ সালে এক স্থানীয়ের মোবাইলে জেল থেকে ফোন করে নাকি সরাসরি তাঁদের হুমকি দেন শাহজাহান। প্রাণনাশের ভয় দেখানো হয়। সেই অভিযোগে সিবিআই তদন্তও চলছে।
পরিবারের দাবি, সম্প্রতি ২ অগস্ট একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ফের গণ্ডগোল বাঁধে। ন্যাজাট থানায় অভিযোগ করার পর থেকেই পরিস্থিতি আরও ঘোলা হয়ে ওঠে। নির্মল মণ্ডলের অভিযোগ, “মোসলেম এবং তাঁর দলবল আমাদের ধরে ধরে হুমকি দিচ্ছে। সরবেড়িয়ায় আগুন জ্বালিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। যে কোনও সময় বড়সড় হামলা হতে পারে।” আতঙ্কে দিন কাটছে পরিবারের।
Partha Goswami
09/122025







