প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, গুলিবিদ্ধ হওয়ার ফলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থাও অত্যন্ত উদ্বেগজনক।
ফের এক তৃণমূল নেতাকে খুনের চেষ্টা! (TMC Leader murder attempt)। মঙ্গলবার রাতে নিজের বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বেরোতেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। মুখে গুলি লাগায় তিনি গুরুতরভাবে জখম হন। ঘটনার পর থেকেই কোচবিহারের দিনহাটায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে।
গতকাল রাত প্রায় ন’টা নাগাদ মিঠুন রাজভর বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই দুষ্কৃতীরা হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা কয়েক সেকেন্ড ধরে গুলির শব্দ কানে আসে। স্থানীয়রা ছুটে গিয়ে মিঠুনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে।
প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে (Dinhata Hospital) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, গুলিবিদ্ধ হওয়ার ফলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থাও অত্যন্ত উদ্বেগজনক। এরপর তাঁকে দ্রুত কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে।
এদিকে, কেন হঠাৎ মিঠুন রাজভরকে টার্গেট করে গুলি চালানো হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবার বা স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। রাজনৈতিক প্রতিপক্ষের দিকে আঙুল ওঠার সম্ভাবনা থাকলেও, পুলিশ এখনই কোনও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। যদিও পুলিশের দাবি, ঘটনাস্থলে গুলি চালানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা ঘটনার স্থল ঘিরে রেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর দিনহাটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বহু মানুষের দাবি, এলাকায় দুষ্কৃতী দমন নিয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তবে রাজনৈতিক পর্যায়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। দিনহাটার গুলির ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের পরিচয় এবং উদ্দেশ্য- দুটোই এখন জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে, একই রাতে আরেক তৃণমূল নেতার মৃত্যুর খবর আসে উত্তরবঙ্গের রাজগঞ্জ থেকে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কা মারে তৃণমূল নেতা মলিন রায়কে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া এলাকাজুড়ে।
Partha Goswami
24/12/2025







