‘আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকব’, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু

SHARE:

সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীরা এই ঠান্ডায় খালি গায়ে, হাতে থালা নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন।

আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকব', ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের  অবস্থানে শুভেন্দু | Suvendu Adhikari at the location of West Bengal Civil  Defence personnel

বড়দিনের উৎসবের (Christmas) রেশ থাকলেও রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের (Nabanna) আশপাশে প্রতিবাদের উত্তাপ কমেনি। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মীরা এই ঠান্ডায় খালি গায়ে, হাতে থালা নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হয়েছেন।

নবান্নের অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁদের অবস্থান-বিক্ষোভ কয়েকদিন ধরেই চলছে। ২২ ডিসেম্বর থেকে ‘ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন’-এর ডাকে এই কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, মাসে অন্তত ৩০ দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে এবং ৬০ বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণ করতে হবে।

পাশাপাশি পেনশন (Pension) ও ইএসআই (ESI) সুবিধা চালুর দাবিও তুলেছেন তাঁরা। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাজ করলেও ন্যূনতম সামাজিক সুরক্ষা থেকে তাঁরা বঞ্চিত। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার হাজির হন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিরোধী দলনেতা জানান, ‘নিজেকে মা মাটি মানুষের নেত্রী বলে দাবি করা মুখ্যমন্ত্রীর ঢিল ছোড়া দূরত্বে আপনারা ধর্নায় বসেছেন। আপনারা চাইলে আইনজীবী দিয়ে আইনি লড়াইয়ে আমি ভূমিকা নিতে পারি। আগামী দিনে রাজ্যে আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকব।’

এর আগে অবস্থান মঞ্চে হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Suvankar Sarkar) এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। শুভঙ্কর সরকার জানান, আন্দোলনকারীদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি পাঠানো হবে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পরেই মন্দিরতলা এলাকায় অবস্থান-বিক্ষোভ শুরু করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। বড়দিনের দিনেও এই প্রতিবাদ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Partha Goswami

26/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today