সব মিলিয়ে অভিযানের সময় ১,৩০৬ জনকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে।
নতুন বছরের উৎসবের আগে রাজধানী দিল্লিতে অপরাধ দমনে বড়সড় অভিযান চালাল পুলিশ (Delhi Police)। দক্ষিণ-পূর্ব দিল্লি পুলিশ ‘অপারেশন আঘাত ৩.০’-এর আওতায় রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে বিভিন্ন মামলায় ২৮৫ জনকে গ্রেফতার করেছে (Delhi Police New Year crackdown,। পাশাপাশি, নতুন বছরের জমায়েতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে ৫০৪ জনকে প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই অভিযানে অস্ত্র আইন, আবগারি আইন, এনডিপিএস আইন ও জুয়া আইনে একাধিক মামলা রুজু হয়েছে। অভিযানের সময় ১১৬ জন তালিকাভুক্ত দাগি অপরাধী, ১০ জন সম্পত্তি-সংক্রান্ত অপরাধে যুক্ত ব্যক্তি এবং ৫ জন অটো-লিফটার ধরা পড়ে।
অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ২১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজ ও ২৭টি ধারালো ছুরি। এছাড়াও, নতুন বছরের আগে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া মাদক ও বেআইনি মদের বড় চালান বাজেয়াপ্ত করা হয়েছে।
চুরি ও ছিনতাই রুখতে চালানো অভিযানে উদ্ধার হয়েছে ৩১০টি মোবাইল ফোন, যেগুলি ছিনতাই, চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি, গাড়ি চুরি চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে ২৩১টি দুই-চাকার যান এবং একটি চার-চাকার গাড়ি উদ্ধার বা বাজেয়াপ্ত করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানের সময় ১,৩০৬ জনকে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে। পুলিশ কর্তাদের দাবি, নতুন বছরে ভিড় ও উৎসবের সময় অপরাধ প্রবণতা ঠেকাতেই এই আগাম ও কড়া অভিযান।
Partha Goswami
27/12/2025







