গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন হিরণ্ময়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chattopadhyay)-র সঙ্গে আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও সেই বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে।
শ্যামপুর বিধানসভা কেন্দ্র ঘিরে ভোটের আবহে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)। বিধানসভা ও লোকসভা—দুই ক্ষেত্রেই ভোট ময়দানে আগে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ বার তৃতীয়বারের মতো ভোটের ময়দানে নামতেই রাজনৈতিক সমীকরণের পাশাপাশি ব্যক্তিগত জীবনও চলে এসেছে চর্চার কেন্দ্রবিন্দুতে।
গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন হিরণ্ময়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় (Anindita Chattopadhyay)-র সঙ্গে আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও সেই বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। সেই আবহেই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নিজের বৈবাহিক অবস্থান ‘বিবাহিত’ তবে ‘বিচ্ছিন্ন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সেখানে দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিড়ি (Ritika Giri)-র কোনও উল্লেখ না থাকায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
তবে শুধু ব্যক্তিগত টানাপোড়েনই নয়, হলফনামা সামনে আসার সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছে প্রার্থীর সম্পত্তির পরিমাণও। নথি অনুযায়ী, হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)-এর হাতে নগদ রয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা, স্ত্রীর কাছে প্রায় ১২ লক্ষ। ব্যাঙ্ক আমানত ও বিমা খাতে তাঁর বিনিয়োগ ৫ কোটিরও বেশি। অস্থাবর সম্পত্তির অঙ্ক মিলিয়ে তা দাঁড়াচ্ছে প্রায় ৫ কোটি ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে স্ত্রীর অস্থাবর সম্পত্তি প্রায় ১ কোটি ৯২ লক্ষ।
জীবনযাপনের ছবিতেও রয়েছে বৈপরীত্য। নিজে একটি টয়োটা এটিয়স ব্যবহার করেন তিনি, যার মূল্য কয়েক লক্ষ টাকা। স্ত্রীর নামে রয়েছে টয়োটা ফরচুনার। সোনার গয়নাতেও পার্থক্য স্পষ্ট—হিরণের কাছে সীমিত পরিমাণ সোনা থাকলেও স্ত্রীর গয়নার মূল্য কয়েক গুণ বেশি বলে উল্লেখ রয়েছে হলফনামায়।
স্থাবর সম্পত্তির খাতায় সবচেয়ে বড় অঙ্কটি জুড়েছে আনন্দপুরের আরবানায় থাকা একটি বিলাসবহুল ফ্ল্যাট। এর বাজারদর প্রায় ৪ কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্যবসার কাজে ব্যবহারের জন্য রয়েছে একটা ছোট্ট প্রপার্টিও। সব মিলিয়ে হিরণের স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৫ কোটি ২০ লক্ষ টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির অঙ্ক ২ কোটিরও বেশি। সামান্য ঋণের উল্লেখও রয়েছে নথিতে।
সব হিসেব একত্র করলে, সস্ত্রীক হিরণ চট্টোপাধ্যায় (Hiranmoy Chattopadhyay)-এর মোট সম্পত্তির পরিমাণ ১৪ কোটিরও বেশি দাঁড়ায়।
ভোটের আগে এই পরিসংখ্যান যেমন প্রাসঙ্গিক, তেমনই ব্যক্তিগত বিতর্কও জায়গা করে নিয়েছে নেটমহলে। ফলে শ্যামপুরের লড়াই এখন শুধু রাজনৈতিক সমীকরণের মধ্যেই সীমাবদ্ধ নয়—ব্যক্তিগত ইমেজ, বিশ্বাসযোগ্যতা এবং জনমতের সূক্ষ্ম ভারসাম্যও হয়ে উঠেছে এই নির্বাচনের অন্যতম নির্ণায়ক।
Partha Goswami
18/04/2026







