মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত দীঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুর-সহ পূর্ব মেদিনীপুরের কোনও হোটেলেই জেলার বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না।
সামনেই নির্বাচন (West Bengal Assembly Election 2026), আর তার আগেই পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়তে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত দিঘা (Digha), মন্দারমণি (Mandarmani), তাজপুর (Tajpur) এবং শঙ্করপুর-সহ পূর্ব মেদিনীপুরের কোনও হোটেলেই জেলার বাইরের কোনও ব্যক্তি থাকতে পারবেন না। সোমবার রাতেই জেলা হোটেল মালিকদের এই মর্মে কড়া নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।
আজই ফিরতে হবে পর্যটকদের
কমিশনের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত পর্যটক বর্তমানে দিঘা বা আশেপাশের সৈকত শহরে রয়েছেন এবং যাঁরা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা নন, তাঁদের আজ বিকেলের মধ্যেই হোটেল ছেড়ে চলে যেতে হবে। নির্বাচনের দিনগুলিতে শান্তি-শৃঙ্খল বজায় রাখতে এবং বহিরাগতদের আনাগোনা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
হোটেল মালিকদের কড়া নির্দেশ
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে:
- আজ বিকেল ৫টার পর থেকে কোনও হোটেল বা লজ বহিরাগতদের ঘর ভাড়া দিতে পারবে না।
- ২৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
- শুধুমাত্র স্থানীয় ভোটার বা বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই থাকার ছাড়পত্র পাবেন।
এই ঘোষণার ফলে পর্যটন ব্যবসায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোনওরকম আপস করতে নারাজ কমিশন। আজ সকাল থেকেই দীঘা ও মন্দারমণির হোটেলগুলিতে পর্যটকদের ফিরে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
Partha Goswami
21/04/2026







