বিজেপি প্রার্থীকে বেধড়ক মার! কুমারগঞ্জে পুলিশের সামনেই হামলা, গ্রেফতারের নির্দেশ কমিশনের

SHARE:

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। পুলিশের উপস্থিতিতেই বেধড়ক মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভিডিও দেখে গ্রেফতারের নির্দেশ দিল কমিশন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের শুরু থেকেই অশান্তির মেঘ ঘনিয়েছিল দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উত্তেজনাই চরম আকার (Vote Violence) ধারণ করল কুমারগঞ্জে (Kumarganj)।

পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ থেকে শুরু করে খোদ বিজেপি প্রার্থীর ওপর শারীরিক নিগ্রহ— বৃহস্পতিবার রণক্ষেত্রের রূপ নিল কুমারগঞ্জের ২৪ নম্বর বুথ এলাকা। আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।

চরম সংঘাত

এদিন সকাল থেকেই কুমারগঞ্জের ২৪ নম্বর বুথ চত্বরে উত্তেজনা ছিল। অভিযোগ ওঠে, শাসকদলের একদল কর্মী বিজেপির পোলিং এজেন্টকে বুথে প্রবেশ করতে বাধা দিচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, তিনি পৌঁছানো মাত্রই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে।

শুভেন্দু সরকারের দাবি, স্থানীয় পুলিশের উপস্থিতিতেই তাঁকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামানো হয়। এরপর শুরু হয় এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি ও লাথি। ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা গিয়েছে, প্রার্থীর ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ছে একদল মানুষ। এমনকি তাঁর গাড়িটিও ভাঙচুর করা হয়। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি চিকিৎসাধীন।

প্রার্থীর এই নিরাপত্তা সংকটে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, হামলার সময় দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, এমনকি কুইক রেসপন্স টিমও (QRT) সময়মতো পৌঁছায়নি।

কমিশনের কড়া দাওয়াই

প্রার্থীর ওপর এমন প্রত্যক্ষ হামলার ঘটনায় নড়ে বসেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে এই নিরাপত্তা বিচ্যুতি নিয়ে কড়া ভাষায় উষ্মা প্রকাশ করেছে কমিশন। যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, তা খতিয়ে দেখে অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের কাছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ বা এটিআর তলব করেছে কমিশন।

কেন সঠিক সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হল না এবং প্রার্থীর সুরক্ষায় কেন এত বড় গাফিলতি হলো, তার জবাবদিহি করতে হবে জেলা প্রশাসনকে। ঘটনার পর থেকে এলাকায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে।

বীরভূম ও কোচবিহারেও অশান্তির ছায়া

কেবল কুমারগঞ্জ নয়, প্রথম দফার ভোটে হিংসার ছবি ধরা পড়েছে বীরভূম ও কোচবিহারেও। বীরভূমের লাভপুর বিধানসভার ভ্রমরকল গ্রামে বিজেপির ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটা অবস্থায় তাঁকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে টাকা বিলির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভোটের হার ও রাজনৈতিক মেজাজ

অশান্তির মাঝেই কিন্তু বুথে বুথে ভোটের লম্বা লাইন চোখে পড়েছে। বেলা ১১টা পর্যন্ত রাজ্যে গড়ে ৪১.১১ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ৪৪.৬৯ শতাংশ ভোট নিয়ে শীর্ষে রয়েছে। মালদহে ভোটের হার তুলনায় কিছুটা কম (৩৮.২২ শতাংশ)।

একদিকে আকাশছোঁয়া গরম, আর অন্যদিকে রাজনৈতিক সংঘাত— সব মিলিয়ে ২০২৬-এর প্রথম দফার নির্বাচন আক্ষরিক অর্থেই সরগরম।

Partha Goswami

23/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई