অপারেশন ‘নুমখোর’, সুপারস্টার মামুট্টি, দিলকর, পৃথ্বীরাজ সুকুমারনের বাড়িতে ইডি তল্লাশি

SHARE:

মালয়ালম তথা দক্ষিণী ছবির কিংবদন্তি অভিনেতা মামুট্টি, তাঁর নায়ক ছেলে দিলকর সলমন, পৃথ্বীরাজ সুকুমারন ও অমিত চাক্কালাক্কালের বাড়ি ও অফিসে বুধবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মালয়ালম তথা দক্ষিণী ছবির কিংবদন্তি অভিনেতা মামুট্টি, তাঁর নায়ক ছেলে দিলকর সলমন, পৃথ্বীরাজ সুকুমারন ও অমিত চাক্কালাক্কালের বাড়ি ও অফিসে বুধবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেরল ও তামিলনাড়ুর প্রায় ১৭টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। এর মধ্যে মালয়ালম সুপারস্টার মামুট্টির চেন্নাইয়ের বাড়ি ও ফিল্ম প্রোডাকশন কোম্পানির অফিসও আছে।

তল্লাশি চালানোর নেপথ্যে রয়েছে কোয়েম্বাতুরের বিলাসবহুল গাড়ি পাচার চক্র ও অবৈধ বিদেশি মুদ্রা বিনিময় চক্রের কারসাজির তদন্ত। তদন্তকারীদের সন্দেহ, কম দামে অর্থাৎ রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশি বিলাসবহুল গাড়ি আমদানি করা হয়েছিল হাওয়ালার মাধ্যমে অর্থ বিনিময় এবং ভুয়ো তথ্য সরবরাহ করে। মামুট্টির অফিস অবশ্য এভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে গাড়ি কেনার কথা অস্বীকার করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই মামুট্টির ছেলে দিলকর সলমন কেরালা হাইকোর্টে তাঁর কেনা ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়িটি বাজেয়াপ্ত করার বিরুদ্ধে শুল্ক বিভাগের নামে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন। এজেন্সি সূত্রে জানা গিয়েছে, এরনাকুলাম, কোয়েম্বাতুর ও চেন্নাই সহ মোট ১৭টি জায়গায় অভিযান চালানো হয়। দিলকরের চেন্নাইয়ের গ্রিমস রোডে অবস্থিত একটি ঠিকানাতেও তিন অফিসার তল্লাশি চালান।

গত সেপ্টেম্বর মাস থেকে তদন্তকারী সংস্থাগুলি অপারেশন নুমখোর নামে এই অভিযান চালিয়ে যাচ্ছে। শুল্ক দফতর ছাড়াও এতে রয়েছে ইডিও। নুমখোর হল ভুটানি ভাষায় গাড়ি। গত ২৩ সেপ্টেম্বর কোচির শুল্ক দফতর এরকম ৩৭টি বিদেশি বিলাসবহুল গাড়ি পাকড়াও করে। ভারত-ভুটান করিডর পেরিয়ে গাড়িগুলি কেরল এসে পৌঁছেছিল। এর মধ্যে বেশ কয়েকটি গাড়ি বেআইনিভাবে কিনেছিলেন দিলকর সলমন ও অন্য এক অভিনেতা অমিত চাক্কালাক্কাল।  

Partha Goswami

08/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई