কালীপুজো-ভাইফোঁটার পরই হাওয়া বদল, সপ্তাহান্তে ভাসতে পারে বাংলা

SHARE:

কালীপুজো ও ভাইফোঁটার পরই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে।

কালীপুজোয় বৃষ্টির দেখা মেলেনি, ভাইফোঁটাতেও সেই একই আবহাওয়া বহাল থাকতে পারে বলে পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা। তবে এরপরেই রাজ্যের আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, তৈরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, আজ (বুধবার) বিকেলের মধ্যেই এটি আরও একদফা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও আলিপুরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই আবহাওয়া সিস্টেমটি যে গতিপথে এগোচ্ছে, তাতে বাংলার উপকূলের আশঙ্কার কোনও কারণ নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই গভীর নিম্নচাপটি আজ উত্তর-পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে দেশের পূর্ব উপকূলের দিকে এগোতে থাকবে। মৌসম ভবনের প্রাথমিক হিসেব অনুযায়ী, এটি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানা বরাবর কোনও জায়গা দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। এর ফলে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে। তাই এই নিম্নচাপটিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা।

নিম্নচাপ তৈরির ফলে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। যার ফলস্বরূপ, অক্টোবর মাস শেষের দিকে হলেও কলকাতার রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। এই জলীয় বাষ্পই সপ্তাহান্তে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে।

Partha Goswami

22/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई