রাহুলের ‘অওকত’ বুঝিয়ে দিয়েছে, পোস্টারে কংগ্রেস নেতার ছবি বাদ, শুধুই তেজস্বী, খোঁচা বিজেপির

SHARE:

বিহার বিধানসভা ভোটে বিরোধীদের মহাগাঁটবন্ধনের সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠান মঞ্চের ছবি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় বিঁধল বিজেপি।

বিহার বিধানসভা ভোটে বিরোধীদের মহাগাঁটবন্ধনের সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠান মঞ্চের ছবি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় বিঁধল বিজেপি। রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবই যে বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন, তা ফুটে উঠেছে সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠান মঞ্চেই। ইঙ্গিতের প্রধান লক্ষণ হল, পাটনার হোটেল মৌর্যর অনুষ্ঠান মঞ্চ কেবলমাত্র রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বীর একার বিশাল ছবি দিয়ে সাজানো হয়েছে। এখনও পর্যন্ত মহাগাঁটবন্ধনের সমস্ত আসনে সমঝোতা হয়নি। এমনকী লেখা রয়েছে পোস্টারে #বিহার মাঙ্গে তেজস্বী সরকার। নীচে লেখা চলো বিহার বিহার বদলেঁ স্লোগান।

আর এ নিয়েই এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবল বিরোধী রাহুল গান্ধীকে বিঁধেছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বৃহস্পতিবার একটি বার্তায় লিখেছেন, জোটের সাংবাদিক সম্মেলনের আগেই ঐক্যের ছবি ফুটে উঠেছে বিহারে। জোটের অন্য কোনও নেতা তো দূরঅস্ত, দেশের প্রধান বিরোধী দলনেতারই কোনও ছবি নেই। শুধুই তেজস্বী যাদবের ছবি জ্বলজ্বল করছে।

এই ছবি দিয়ে পুনাওয়ালা লিখেছেন, যৌথ সাংবাদিক সম্মেলন? কিন্তু একটিমাত্র ছবি। রাহুল গান্ধী ও কংগ্রেসের সম্মান চোরি। কংগ্রেস ও রাহুলের অওকত ক্যায়া হ্যায় দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে রাহুলের ভোটচুরি দাবির জবাবে সম্মান চুরিকে তুলে ধরেছেন বিজেপি মুখপাত্র।

এরই ঘণ্টা কয়েক পরে পুনাওয়ালা ফের একটি পোস্ট করেন। তাতে কংগ্রেসের বিরুদ্ধে টিকিট চুরির অভিযোগ উঠেছে। অর্থাৎ তিনি মহাগাঁটবন্ধনের গিঁট যে এখনও মজবুত হয়নি, তাকে ইঙ্গিত করেন। পুনাওয়ালা সংবাদ সংস্থাকে বলেন, আজ মহাগাঁটবন্ধনের যৌথ সাংবাদিক সম্মেলন আছে। কিন্তু, ছবিতে দেখা যাচ্ছে যে, কেবলমাত্র তেজস্বী যাদব রয়েছেন। ওরা রাহুল গান্ধীর কিংবা অন্য কংগ্রেস নেতার ছবি ছেঁটে ফেলে দিয়েছে। আরজেডি কি রাহুলকে দায় বলে মনে করছে, প্রশ্ন তোলেন পুনাওয়ালা। কাল পর্যন্ত পাপ্পু যাদব বলেছিলেন, মহাগাঁটবন্ধনের অন্যতম মুখ হলেন রাহুল গান্ধী। কংগ্রেস দাবি করে আসছিল তারাই জোটে বড়দাদা। কিন্তু এখন কোথায় তারা, তাদের তো কোথাও দেখাই যাচ্ছে না।

কংগ্রেস নেতা পবন খেরা অবশ্য ক্ষতে মলম লাগাতে বলেন, জোটে সবকিছু ঠিকঠাকই আছে। বিরোধীদের যা ইচ্ছা বলতে দিন। কিন্তু, আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। তেজস্বীর একার ছবি আছে কেন, এটা কোনও ইস্যু হল, প্রশ্ন তোলেন খেরা। আপনারা কি দেখতে পাচ্ছেন কেউ অশান্তিতে রয়েছে। সকলেই খুশিতে রয়েছেন, তাহলে পরিস্থিতি খারাপটা হল কী করে, বলেন কংগ্রেস নেতা।

Partha Goswami

23/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई