পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুই পরিবারই নবজাতক কন্যাশিশুটিকে নিতে অস্বীকার করে।
হাসপাতালের একই অপারেশন থিয়েটারে ৪৩ মিনিটের ব্যবধানে জন্ম হয় এক পুত্র ও এক কন্যা শিশু। সেখানেই বিপত্তি! কোন সন্তান কার (Udaipur baby swap case), সেই নিয়ে বিভ্রান্তি গড়াল ডিএনএ টেস্ট (DNA Test) পর্যন্ত।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের (Rajasthan Udaipur) এমবি হাসপাতালে। নবজাতক পুত্র শিশুকে ঘিরে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। প্রত্যেকেই দাবি করছেন, সেই ছেলেটিই তাদের সন্তান। ২১ অক্টোবরের ওই ঘটনার সত্যতা যাচাই করতে দুই নবজাতকের মা-বাবার ডিএনএ নমুনা (DNA sample) পাঠানো হয়েছে জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে।
২১ অক্টোবর উদয়পুরের অনিতা রাওয়াত এবং চিতোরগড়ের রামেশ্বরী সোনি – দু’জনেই এমবি হাসপাতালে ঘটনাচক্রে একই অপারেশন থিয়েটারে সন্তানের জন্ম দেন। অভিযোগ, প্রথমে অনিতার কোলে পুত্রসন্তান দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই শিশুটিকে ফেরত নিয়ে এসে এক কন্যা শিশুকে তুলে দেয় তাদের হাতে।
অনিতার স্বামী সুনীল রাওয়াত জানান, “আমরা সঙ্গে সঙ্গেই আপত্তি জানাই এবং হাতি পোল থানায় অভিযোগ দায়ের করি। পরে পুলিশের উপস্থিতিতে ফরেনসিক টিম এসে দুই পরিবারেরই ডিএনএ নমুনা সংগ্রহ করে।”
রাওয়াত পরিবার জানিয়েছে, নবজাতক কন্যা শিশুকে নিয়ে তাঁদের আপত্তি নেই, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট আসলে তবেই তাঁরা শিশুটিকে আপন করে নেবেন। “আমরা শিশুটিকে মায়ের দুধ থেকে বঞ্চিত করতে চাই না। তাই আপাতত ওকে আমরা আগলে রেখেছি। ডিএনএ রিপোর্ট পনেরো দিনের মধ্যে আসবে। ততদিন পর্যন্ত আমরা হাসপাতালের ওয়ার্ডেই থাকব,” বলেন সুনীল।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুই পরিবারই নবজাতক কন্যাশিশুটিকে নিতে অস্বীকার করে। বক্তব্য, তাঁদের ইতিমধ্যেই কন্যা সন্তান রয়েছে। এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছে জনরোষ। সামাজিক মাধ্যমে বহু মানুষ প্রশ্ন তুলেছেন, সরকারি প্রচার ও সচেতনতা সত্ত্বেও সমাজে এখনও কেন ছেলে সন্তানের প্রতি এতটা পক্ষপাতিত্ব?
Partha Goswami
25/10/2025







