বুধবার দুপুর সাড়ে ১২ থেকে ১টার মধ্যে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের জেপি নগর শাখা থেকে নগদভর্তি ভ্যান রওনা দিয়েছিল এইচবিআর লেআউটের দিকে।
বেঙ্গালুরুতে ভরদুপুরে ডাকাতি (Bengaluru)। ব্যস্ত রাস্তা, যানজট আর মাঝখানেই সিনেমার মতো দুঃসাহসিক কাণ্ড। সরকারি আধিকারিকের বেশ ধরে একটি দল লুট করে নিল প্রায় ৭ কোটি ১১ লক্ষ টাকা। লক্ষ্য ছিল সিএমএস ইনফো সিস্টেমসের এটিএম ক্যাশ ভ্যান (Cash Van)। পরিকল্পনা এমন নিখুঁত যে ঘটনাস্থলে উপস্থিত দুই সশস্ত্র নিরাপত্তারক্ষীও কিছুই করতে পারেননি।
বুধবার দুপুর সাড়ে ১২ থেকে ১টার মধ্যে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের জেপি নগর শাখা থেকে নগদভর্তি ভ্যান রওনা দিয়েছিল এইচবিআর লেআউটের দিকে। তিনটি বাক্সে ছিল টাকা। ভ্যানের মধ্যে ছিলেন চালক বিনোদ কুমার, ক্যাশ কাস্টডিয়ান আফতাব ও রাজন্না, সঙ্গে দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষী।
জয়নগর দ্বিতীয় ব্লকের কাছে হঠাৎই একটি মারুতি জেন ভ্যানটির সামনে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। তিন জন নেমে এসে নিজেদের আরবিআই আধিকারিক বলে পরিচয় দেন। বলেন “আপনাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এসেছে। জিজ্ঞাসাবাদ করতে হবে।” এর পরই ঘটনাস্থলে এসে দাঁড়ায় একটি ইনোভা ও একটি বড় এমইউভি।
ক্যাশ ভ্যানের কর্মীরা পরিস্থিতি বুঝে ওঠার আগেই ‘তদন্তের’ নামে তাঁদের অস্ত্র রেখে ওই বড় গাড়িটিতে উঠতে বলা হয়— তাঁরা উঠেও পড়েন।
এরপর ভ্যানচালককে নির্দেশ দেওয়া হয় ডেয়ারি সার্কল ফ্লাইওভারে গিয়ে অপেক্ষা করতে। বাকিদের বলা হয়, পুলিশ স্টেশনে গিয়ে বয়ান দিতে হবে, আর নগদ ‘আরবিআইয়ে পাঠানো’ হবে। এমইউভি–টি নিমহান্স জাংশনে থামতেই স্টাফদের নামিয়ে দেওয়া হয়। তাঁরা হাঁটতে হাঁটতে সিদ্দাপুরা থানার দিকে রওনা দেন।
এদিকে চালক একাই ভ্যান নিয়ে ফ্লাইওভারে অপেক্ষা করছিলেন। কয়েক মিনিট পরে দুষ্কৃতীরা সেখানে পৌঁছে অস্ত্র দেখিয়ে নগদের বাক্সগুলি জেন গাড়িতে তোলেন। মুহূর্তে উধাও হয়ে যায় দলটি। পথের ধারে পড়ে থাকে এমইউভি আর খালি ক্যাশ ভ্যান।
Partha Goswami
20/11/2025







