কসবা ল কলেজের ছাত্রীকে (Kasba Law College) গণধর্ষণকাণ্ডে (Gang Rape) প্রথমবার কোনও অভিযুক্তের জামিন মঞ্জুর করল আদালত (Court)।
কসবা ল কলেজের ছাত্রীকে (Kasba Law College) গণধর্ষণকাণ্ডে (Gang Rape) প্রথমবার কোনও অভিযুক্তের জামিন মঞ্জুর করল আদালত (Court)। শর্তসাপেক্ষে জামিন পেলেন কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। আলিপুর সেশনস কোর্টের ভ্যাকেশন বেঞ্চ শুক্রবার এই সিদ্ধান্ত দেয়।
পিনাকী বন্দ্যোপাধ্যায় (Pinaki Bondyopadhyay) মূলত খড়দার বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি কসবায় ভাড়া থাকতেন। তদন্তে উঠে এসেছিল, ঘটনার দিন কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন তিনি। অভিযোগকারিণীর দাবি, সাহায্য চেয়েও কোনও সহায়তা পাননি ওই নিরাপত্তারক্ষীর কাছ থেকে। উলটে, অভিযোগ ওঠে, তিনি নাকি অভিযুক্তদেরই সাহায্য করেছিলেন।
জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে চায়, কেন তিনি ঘটনার সময় কিছুই জানাননি? ভয়, নাকি চাপ? ‘গণধর্ষণের সময় তিনি কী করছিলেন?’ এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয় ২৮ জুন।
গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২৫ জুন। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়। মূল অভিযুক্ত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র (৩১), যিনি তখন কলেজের অস্থায়ী কর্মীও ছিলেন। তাঁর সঙ্গে জড়িয়ে পড়ে তৃতীয় সেমিস্টারের দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় (২০) ও জাহিদ আহমেদ (১৯)।
পরদিন, অর্থাৎ ২৬ জুন তিন অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ। পরে তাদের জেরায় উঠে আসে নিরাপত্তারক্ষী পিনাকীর নামও। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় হেফাজতে থাকার পর অবশেষে জামিন মিলল।
এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি ঘটনার সময় বাধা দিলেন না? কেন কলেজ কর্তৃপক্ষকে কিছু জানালেন না? কলেজের ইউনিয়ন রুমে ‘হকি স্টিক’ কেন মজুত ছিল? তিনি কি সত্যিই ‘ম্যাঙ্গো’ মনোজিতের প্রভাবেই চুপ ছিলেন? এমন নানা প্রশ্নের মাঝেই এখন আদালতের রায়ে আপাতত জামিন পেলেন কসবা ল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।
Partha Goswami
13/10/2025







