ডজনের বেশি মৃত, আহত শতাধিক! গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত পাকিস্তান-আফগানিস্তানের

SHARE:

আফগানিস্তানের তরফে একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সীমান্ত সংঘর্ষে নিহত পাকিস্তানি সেনাদের দেহ এবং তালিবান যোদ্ধাদের উল্লাস।

বুধবার ভোরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে উঠল আফগানিস্তান–পাকিস্তান সীমান্ত (Afghanistan-Pakistan Border)। দু’পক্ষের তীব্র গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন শতাধিক। আফগানিস্তানের তালিবান সরকার (Taliban Govt) দাবি করেছে, পাকিস্তান সেনার একাধিক পোস্ট ধ্বংস করা হয়েছে, এমনকী একটি ট্যাঙ্কও দখল করেছে তারা।

সংঘর্ষের মূল কেন্দ্র ছিল পাকিস্তানের চামান জেলা এবং আফগানিস্তানের দক্ষিণ-পূর্বের স্পিন বোলদাক এলাকা – যেখানে সীমান্ত রেখা বরাবর সকাল পর্যন্ত গুলি চলেছে বলে জানিয়েছে দুই দেশের সংবাদমাধ্যম।

আফগানিস্তানের দাবি

তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান সেনা (Pakistan Army) কোনও উস্কানি ছাড়াই সকালে বোলদাক অঞ্চলে হামলা চালায়। সেই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ১০০-রও বেশি মানুষ আহত হয়েছেন। পরে পাল্টা আক্রমণ চালায় আফগান বাহিনী (Afghanistan Force)।

আফগানিস্তানের তরফে একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সীমান্ত সংঘর্ষে নিহত পাকিস্তানি সেনাদের দেহ এবং তালিবান যোদ্ধাদের উল্লাস।

পাকিস্তানের পাল্টা বক্তব্য

সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, আফগান বাহিনী ও পাকিস্তান তালিবান (TTP) যৌথভাবে পাকিস্তানের এক পোস্টে হামলা চালায়। পাকিস্তান সেনা পালটা আক্রমণে আফগান বাহিনীর ট্যাঙ্ক ও ঘাঁটিতে ব্যাপক ক্ষতি করে।

চামান জেলার প্রশাসক হাবিব উল্লাহ বাংগুলজাই বলেন, “তালিবান বাহিনী আমাদের পোস্টে হঠাৎ হামলা চালায়। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে। শেষ পর্যন্ত পাকিস্তান সেনা তাদের পিছু হটতে বাধ্য করে।” একই দিনে ওরাকজাই জেলার মাহমুদজাই পোস্টে তালিবানের আলাদা হামলায় আটজন ফ্রন্টিয়ার কোর্পস (FC) সদস্য নিহত হয়েছেন, কয়েকজন নিখোঁজও রয়েছেন।

দুই দেশের সম্পর্কে টানাপোড়েন

গত সপ্তাহে কাবুল (Kabul) ও পাকতিকা প্রদেশে বিমান হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। আফগানিস্তান সেই হামলার দায় পাকিস্তানের উপর চাপালেও, ইসলামাবাদ (Islamabad) তা অস্বীকার করেছে।

এই সপ্তাহেই দু’দেশের মধ্যে দ্বিতীয়বার সীমান্ত সংঘর্ষ ঘটল। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এবং পরিস্থিতি দ্রুতই আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। এদিকে, এই সংঘর্ষের সময়েই ভারত সফরে রয়েছেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কি, যা ইসলামাবাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

পাকিস্তান আগেই দাবি করেছে, ভারত আফগানিস্তানকে পাকিস্তান-বিরোধী সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। যদিও এই দাবি খারিজ করেছে কাবুল।

Partha Goswami

15/10/2025

Vnn Times Today
Author: Vnn Times Today

सबसे ज्यादा पड़ गई