গোয়ার আরপোরায় জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে মৃত ২৩।
গোয়ার জনপ্রিয় নাইটলাইফে নেমে এলো এক শোকের ছায়া। রাজধানী পানাজি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরপোরা গ্রামের জনপ্রিয় পার্টি ভেন্যু ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হয়ে ২৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই বিলাসবহুল ভেন্যুটি চালু হয়েছিল।
পুলিশ জানিয়েছে, গত রাতে ঠিক ১২:০৪ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নাইটক্লাবের নিচতলায় রান্নাঘরে কাজ চলার সময় একটি বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের মুহূর্তেই আগুন দ্রুত নাইটক্লাবের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো জায়গাটিকে গ্রাস করে ফেলে।
বিস্ফোরণের শব্দ শুনেই দ্রুত নাইটক্লাব থেকে লোকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ প্রধান ডিজিপি অলোক কুমারের নেতৃত্বে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
ঘটনাস্থল থেকে মোট ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ৩ জন মহিলা। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন যে নিহতদের অধিকাংশই ছিলেন নাইটক্লাবের রান্নাঘরের কর্মী। তিনি আরও নিশ্চিত করেছেন, মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন।
ডিজিপি অলোক কুমারের তথ্য অনুসারে, ২৩ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে পুড়ে গিয়ে, তবে বাকি ২০ জনের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে (শ্বাসরোধে)। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং স্থানীয় বিধায়ক মাইকেল লোবো দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
Partha Goswami
07/12/2025







