বহিরাগতদের ভিড়, ইট ছোড়া, নিরাপত্তার কারণেই জেমসের কনসার্ট বাতিল করতে হয়, সাফাই জেলা প্রশাসনের

SHARE:

এই ঘটনার পর নানা প্রশ্ন উঠতে শুরু করে। তার মধ্যেই জেলা প্রশাসক মহম্মদ কামরুল হাসান বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

বহিরাগতদের হামলায় পণ্ড ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্ট, আহত ২৫

বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় রক শিল্পী জেমসের (Rockstar James) ফরিদপুরের কনসার্ট বাতিল হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার প্রকাশ্যে মুখ খুলল জেলা প্রশাসন। তাদের, কোনও রাজনৈতিক বা অন্য কোনও কারণে নয়, একমাত্র নিরাপত্তাজনিত কারণেই অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

শুক্রবার ফরিদপুর (Faridpur) জেলা স্কুলের মাঠে জেমসের কনসার্ট (James Concert) হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ ওঠে, বাইরের কিছু লোক অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করলে বিশৃঙ্খলা শুরু হয়। ইট-পাটকেল ছোড়া হয় বলেও খবর। সেই ঘটনায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউলের অনুষ্ঠান। এই সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসনই।

এই ঘটনার পর নানা প্রশ্ন উঠতে শুরু করে। তার মধ্যেই জেলা প্রশাসক মহম্মদ কামরুল হাসান বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ওই অনুষ্ঠানটি মূলত ফরিদপুর জেলা স্কুলের নিজস্ব আয়োজন ছিল এবং মাঠের পরিসরও তুলনামূলক ভাবে ছোট। কিন্তু বাইরে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে পড়েন। প্রশাসনের দাবি, ভিতরে ঢুকতে না পেরে বাইরের লোকজন উত্তেজিত হয়ে ইট-পাটকেল ছোড়েন। পড়ুয়া এবং বহিরাগতদের মধ্যে হাতাহাতিও হয় বলে স্বীকার করেন জেলা প্রশাসক।

কামরুল হাসানের বক্তব্য, এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তাই ছিল তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সামগ্রিক আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই কনসার্ট বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তাঁর দাবি, বিষয়টিকে অন্য কোনও দিক থেকে দেখার কারণ নেই।

প্রসঙ্গত, গত সপ্তাহে তরুণ নেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। ভাঙচুরের শিকার হয়েছে ছায়ানট, উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানও। সেই আবহে জেমসের অনুষ্ঠান বাতিল হওয়ায় আবারও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ফরিদপুর জেলা প্রশাসনের দাবি, এই ঘটনার সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক অশান্তির কোনও যোগ নেই।

জেলা প্রশাসক আরও জানান, জেমসের কনসার্টের আগের দিন একই মাঠে অন্য একটি বাংলা ব্যান্ডের অনুষ্ঠান নির্বিঘ্নেই হয়েছে। কিন্তু শুক্রবার বহিরাগতদের ভিড় অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়াতেই সমস্যা তৈরি হয়।
ঘটনার রাতে বিশৃঙ্খলা চরমে ওঠার আগেই জেমস ও তাঁর ব্যান্ড মঞ্চে ওঠার সুযোগ পাননি। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেমস নিজেও। তাঁর মতে, গোটা ঘটনার জন্য আয়োজকদের গাফিলতিই দায়ী। ব্যান্ডের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর জানান, গোলমাল শুরু হওয়ার সময় তাঁরা গেস্ট হাউসে ছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানানো হলে তাঁরা ঢাকায় ফিরে যান।

Partha Goswami

27/12/2025

Vnn Times Today
Author: Vnn Times Today