Junior Miss India: জুনিয়র মিস ইন্ডিয়ায় বাংলার জয়জয়কার, সেরার খেতাব জিতলেন মালদহের মেয়ে

SHARE:

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ১৫–১৬ বছর বিভাগে সেরার শিরোপা জিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন মালদহের কিশোরী। তার সাফল্যে গর্বিত পরিবার ও গোটা জেলা।

Junior Miss India: জুনিয়র মিস ইন্ডিয়ায় বাংলার জয়জয়কার, সেরার খেতাব জিতলেন মালদহের মেয়ে

বাংলার জয় জয়কার দেশে। জুনিয়র মিস ইন্ডিয়ার (Junior Miss India) খেতাব জিতলেন বাংলার মেয়ে  প্রিন্সিপ্রিয়া ভৌমিক। ১৫–১৬ বছর বয়সিদের বিভাগে সেরার শিরোপা তাঁর মুকুটে। গর্বে ভাসছে মালদহ জেলা।

ইংরেজবাজার (English Bazar) শহরের বাসিন্দা প্রিন্সিপ্রিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের (St Xavier’s School) একাদশ শ্রেণির ছাত্রী। বাবা সুরজিৎ ভৌমিক (Surajit Bhowmik) পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার জয়পুর থেকে বাড়ি ফেরার পর থেকেই উচ্ছ্বাস চোখে পড়েছে এলাকায়। পড়শি থেকে আত্মীয়, সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন জুনিয়র মিস ইন্ডিয়া চ্যাম্পিয়নকে।

প্রিন্সিপ্রিয়ার কথায়, জয়পুরের ক্লার্ক আমেরে (Clarks Amer) বসেছিল এই প্রতিযোগিতার আসর। দেশের ২৫টি রাজ্য থেকে ৫ থেকে ১৬ বছর বয়সি বাছাই করা প্রতিযোগীরা অংশ নেন। মোট ১৭২ জন ফাইনালিস্টের মধ্যে নিজের জায়গা পাকা করেন তিনি। প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন ‘উরি’ (Uri) খ্যাত অভিনেত্রী রিভা অরোরা (Riva Arora), মিস সুপ্রানেশনাল ইন্ডিয়া (Miss Supranational India) শেফালি সুদ (Shefali Sood), টেলিভিশন সাংবাদিক অলোক শ্রীবাস্তব (Alok Shrivastava), প্রখ্যাত আইপিএস (IPS) আধিকারিক ও ওই এলাকার অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডঃ প্রশান্ত চৌবে (Dr Prashant Chaubey), ফ্যাশন ডিজাইনার কৃতি রাঠোর (Kriti Rathore), কাস্টিং ডিরেক্টর শোভা গোরি (Shobha Gori), আন্তর্জাতিক শিক্ষাবিদ উন্নতি সিং (Unnati Singh)-সহ অন্যান্য বিশিষ্টরা।

এই প্রতিযোগিতায় বাংলার আরও কয়েকজন কিশোরীর সাফল্য নজর কেড়েছে। আসানসোলের (Asansol) আরোহী চট্টোপাধ্যায় (Arohi Chatterjee) ৮–১০ বছর বিভাগে বিজয়ী হয়েছে। একই বিভাগে ফার্স্ট রানার-আপ হয়েছে মালদহের ঘোড়াপীর (Ghorapir) এলাকার মধুপর্ণা সিদ্ধান্ত (Madhuparna Siddhanta)। বাংলার ঐতিহ্যবাহী ছিন্নমস্তা কালী (Chhinnamasta Kali) মুখোশ সেজেই এই কৃতিত্ব অর্জন করেছে সে। পাশাপাশি মধ্যমগ্রামের (Madhyamgram) সুহানি নন্দী (Suhani Nandi) ৫–৭ বছর বিভাগে প্রথম রানার্স-আপ হয়েছে।

সাফল্যের পর প্রিন্সিপ্রিয়া বলছেন, “এই জয়কে আমি পরিবারের জয় বলেই মনে করি। পরিবার সব সময় পাশে ছিল। পড়াশোনার সঙ্গে সঙ্গে দেশের জন্য কিছু করতে চাই। ভবিষ্যতে আন্তর্জাতিকস্তরের এমন কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে। তার জন্য পরিশ্রম চালিয়ে যাব, পড়াশোনাও চলবে।”

Partha Goswami

14/01/2026

Vnn Times Today
Author: Vnn Times Today