এবার লক্ষ্য বাংলার বিধানসভা। আজ, বুধবার উত্তর থেকে দক্ষিণ, ফের হাইভোল্টেজ প্রচারে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আজকের ঠাসা কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে চড়েছে রাজনৈতিক পারদ।
New
‘দুষ্কৃতী চোখ তুলে তাকাতে সাহস পাবে না’
একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বলেন সন্ধ্যার পরে কেন বাইরে বেরোচ্ছেন, এটা অত্যন্ত লজ্জার। ৫ মে-র পরে এমন পরিস্থিতি তৈরি হবে, যাতে একটি ছোট মেয়েও স্কুটিতে বেরোলে কোনও দুষ্কৃতী তার দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না।
তৃণমূলকে নিশানা শাহের
তৃণমূলের কর্মীরা বিভিন্ন কলোনি ও আবাসনে গিয়ে মানুষকে ভোটের দিন বাড়ি থেকে না বেরোনোর জন্য ভয় দেখাচ্ছে। আমি তৃণমূলের গুন্ডাদের বলছি, ২৯ তারিখ আপনারাই বেরোবেন না। বেরোলে সমস্যায় পড়বেন।
‘কলকাতা বস্তির শহর’
বিজেপি প্রার্থীদের জন্য নয়, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার জন্য ভোট দিন। দিদির রাজত্বে, কমিউনিস্টদের আমলেও গোটা শহর বস্তির শহর হিসেবেই রয়ে গিয়েছে। দেশের অন্য অনেক শহর ইতিমধ্যেই বস্তিমুক্ত হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সেই উদ্যোগ দেখা যায়নি। তৃণমূল সরকার বস্তিতে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে ভোটব্যাঙ্ক রাজনীতি করছে।
‘দিদি টাটা, গুড বাই’
৪ মে সকালে গণনা শুরু হবে – ৮টায় ব্যালট বাক্স খোলা, ৯টায় প্রথম রাউন্ড, ১০টায় দ্বিতীয় রাউন্ড এবং ১টার মধ্যেই গণনা শেষ হয়ে যাবে। তারপরই হবে – দিদি টাটা, গুড বাই।
‘উল্টি গিনতি শুরু…’
৪ তারিখ নতুন সরকার গঠন হবে। বাংলায় শুরু হবে বিজেপি সরকার। দাবি করে বলছি, মমতার উল্টি গিনতি শুরু হয়ে গেছে। তাঁকে সরে যেতে হবে।
‘শিল্প চলে যাচ্ছে…’
বাংলাজুড়ে শুধু সিন্ডিকেটরাজ। বাড়ি তৈরির জন্য ইট, বালি নিতে গেলেও টাকা দিতে হয় তৃণমূলের গুন্ডাদের। বাংলা থেকে পরপর শিল্প চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে। সবই হয়েছে তৃণমূলের সিন্ডিকেটের জন্য। ৪ তারিখ একবার বিজেপিকে আনুন, রাজ্য থেকে গোটা সিন্ডিকেটরাজ শেষ করে দেব।
‘কলকাতার গৌরব ফেরানোর ভোট’
শুধু বিধায়ক বানানোর ভোট নয়, এটা কলকাতার গৌরব ফেরানোর ভোট। তাই ভোট দেওয়ার আগে এইটুকু মাথায় রাখুন। বিজেপি প্রার্থীদের জয়ী করুন।
দমদম উত্তরে অমিত শাহ
দমদম উত্তরের জনসভায় বক্তব্য রাখছেন অমিত শাহ।
এখনই দিল্লি ফেরার কোনও পরিকল্পনা নেই অমিত শাহের
বিজেপি সূত্রের খবর, দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন অর্থাৎ আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বাংলাতেই থাকছেন শাহ। মাঝখানে সংসদের বিশেষ অধিবেশনের জন্য দিন তিনেকের বিরতি বাদ দিলে, টানা ১৫ দিন এ রাজ্যে থেকেই প্রচার ও রণকৌশল তদারকি করবেন তিনি।
আজ প্রচার রয়েছে অভিষেকেরও
১. জয়নগর (দুপুর ১:০০): জয়নগর ও মন্দিরবাজারের প্রার্থীদের সমর্থনে গড়দোয়ানি মোল্লারচক সংলগ্ন মাঠে জনসভা।
২. দেগঙ্গা (দুপুর ২:৪৫): দেগঙ্গা বিধানসভার প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে বেনাপুর রোহিত ইটভাটা মাঠে সভা।
৩. নোয়াপাড়া (দুপুর ৩:৪৫): নোয়াপাড়া কেন্দ্রের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সমর্থনে পিনকল বাবু কোয়ার্টার থেকে ইছাপুর স্টোর বাজার পর্যন্ত মেগা রোড শো।
৪. রাজারহাট-গোপালপুর (সন্ধ্যা ৬:৩০): দিনের শেষ কর্মসূচি হিসেবে অদিতি মুন্সীর সমর্থনে অর্জুনপুর গ্রাউন্ডে বড় জনসভা করবেন অভিষেক।
আজ আমডাঙা থেকে হাওড়া, প্রচারে ঝড় তুলবেন মমতা
আমডাঙা (দুপুর ১:৩০): আমডাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে উলুডাঙা সাধনপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সংলগ্ন মাঠে জনসভা করবেন তিনি। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় নেত্রীর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
হরিপাল (দুপুর ২:৩০): আমডাঙা সেরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন হুগলির হরিপালে। সেখানে হরিপাল বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডা: করবী মান্নার সমর্থনে নালিকুল সাহাপুর মাঠে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। কৃষিপ্রধান এই অঞ্চলে গ্রামীণ উন্নয়নের খতিয়ানই নেত্রীর তুরুপের তাস হতে পারে।
হাওড়ায় মেগা পদযাত্রা: বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন হাওড়ায়। হাওড়া দক্ষিণ ও শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন তিনি।
সময় ও রুট: বিকেল ৪টে নাগাদ শঙ্কর মঠ থেকে এই পদযাত্রা শুরু হবে। যা শেষ হবে ক্যারি রোড মোড়ে গিয়ে।
প্রার্থী সংযোগ: শিবপুর কেন্দ্রের প্রার্থী ডা: রানা চট্টোপাধ্যায় এবং হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরীর সমর্থনে এই মেগা রোড শো-র আয়োজন করা হয়েছে। শিল্পাঞ্চলের এই ভোটব্যাঙ্ক ধরে রাখতে নেত্রীর এই পদযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রথম দফায় কারা ভোট দিতে পারবেন? তালিকা প্রকাশ ট্রাইব্যুনালের
মূলত বিচারাধীন ভোটারদের মধ্যে কারা প্রথম দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন, তা স্পষ্ট হয়ে গেল ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া এই ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা অতিরিক্ত তালিকায়। তালিকাটির পোশাকি নাম ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নং ১’।
একদিকে যেমন অনেকের নাম ফেরানো হয়েছে, তেমনই ট্রাইব্যুনালের স্ক্রুটিনি শেষে কাদের নাম চূড়ান্তভাবে বাদ গেল, সেই তালিকাও প্রকাশ করেছে কমিশন।
কীভাবে নাম চেক করবেন ভোটাররা?
-
ভোটাররা তাঁদের এপিক (EPIC) নম্বর ব্যবহার করে সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
-
সেখানে ‘Appellate Tribunal Supplementary List-1’ সেকশনে গিয়ে নিজের নাম ফের যুক্ত হয়েছে কি না তা দেখে নেওয়া যাবে।
একনজরে স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের সফরসূচি:
দুপুর ১টা ১৫ মিনিট (দমদম): দিনের শুরুতেই উত্তর ২৪ পরগনার দমদমে পা রাখবেন অমিত শাহ। এখানকার অগ্রদূত ময়দানে একটি বড়সড় জনসভা করার কথা রয়েছে তাঁর। দমদম লোকসভা ও সংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলোর কর্মীদের চাঙ্গা করতেই এই সভা বলে মনে করা হচ্ছে।
দুপুর ২টো ৩০ মিনিট (হাবড়া): দমদমের সভা শেষ করে শাহের পরবর্তী গন্তব্য হাবড়া। সেখানে বাণিপুরের বি আর আম্বেদকর স্পোর্টস গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। এই কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে তিনি শাসকদলকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিকেল ৪টে (সপ্তগ্রাম, হুগলি): উত্তর ২৪ পরগনা সেরে গঙ্গা পেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছে যাবেন হুগলির সপ্তগ্রামে। এখানকার বালিুখারি মাঠে তাঁর জনসভা হওয়ার কথা। হুগলি জেলায় বিজেপির সংগঠন মজবুত করতে এই সভা বড় ভূমিকা নিতে পারে।
বিকেল ৫টা ১৫ মিনিট (সোনারপুর): দিনের শেষ তথা সবথেকে আকর্ষণীয় কর্মসূচিটি রাখা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। বিকেল সোয়া পাঁচটা নাগাদ সোনারপুর মোড় থেকে একটি মেগা রোড শো শুরু করবেন অমিত শাহ। নির্বাচনী প্রচারে শো-স্টপার হিসেবে এই রোড শো-কেই দেখছে গেরুয়া শিবির।
Partha Goswami
22/04/2026







