শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর ঝুটো,‘আশ্বস্ত হতে কবি আমাদের ফোন করতে পারেন’: নির্বাচন কমিশন

SHARE:

নির্বাচন কমিশন পষ্টাপষ্টি জানিয়ে দেয়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর ষোলো আনা মিথ্যা।

বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার ভোট গ্রহণ (West Bengal Election 2026)। তার আগে বুধবার সকাল থেকে একটা খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা হল, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato arrest warrant) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পুরনো একটি মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে রটে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) পষ্টাপষ্টি জানিয়ে দেয়, এই খবর ষোলো আনা মিথ্যা। কোনও গ্রেফতারি পরোয়ানা কমিশনের নির্দেশে জারি হয়নি। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দ্য ওয়ালকে বলেন, “শ্রীজাতর বিরুদ্ধে আমরা কোনও অভিযোগ দায়ের করিনি। গ্রেফতারি পরোয়ানার প্রশ্নই নেই। কবি চাইলে তিনি নিজে নির্বাচন কমিশনে ফোন করে আশ্বস্ত হতে পারেন”।

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল মঙ্গলবার রাতেই সাংবাদিকদের জানিয়েছিলেন, ভোটের মধ্যে সমাজমাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা হবে বলে তাঁরা আশঙ্কা করছেন। যাঁরা সমাজমাধ্যমে গুজব ছড়াবেন তাঁদের বিরুদ্ধে কমিশন তথা পুলিশ কড়া ব্যবস্থা নেবে। সেই সাত সতেরো আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার সকালে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খবর রটিয়ে দেওয়া হয়।

বাংলায় কবি সাহিত্যিক জগতের সঙ্গে বিজেপি-র যে নিবিড় সম্পর্ক রয়েছে তা নয়। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ব্যক্তিগত ভাবে কবিতাপ্রেমী। তিনি গর্ব করে বলেন, কবি শঙ্খ ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। সে ব্যতিরেকে বাংলায় বুদ্ধিজীবিদের সঙ্গে বিজেপি সখ্য গড়ে তুলতে চাইলেও খুব যে সফল হয়েছে তা নয়। বরং অনেকের ধারণা যে, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বাংলায় শাসক দল ঘনিষ্ঠ।

সে যাক। শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর রটতেই এদিন অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। খবরটি সঠিক কিনা তা নিশ্চিত হওয়ার আগেই প্রতিক্রিয়ার ঝড় ওঠে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বিনোদ ঘোষালের মতো প্রবীণ সাহিত্যিকরা এই ঘটনার তীব্র নিন্দা করেন।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, “বিজেপি বাংলার কৃষ্টি ও সংস্কৃতির উপর আঘাত হানতে চাইছে। তাদের প্ররোচনায় পা দিয়েই কমিশন শ্রীজাতর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে।” আবার পাল্টা জবাব দেয় বিজেপি-ও। তাঁরাও কমিশনের সঙ্গে কথা না বলেই জানিয়ে দেন, এটা তৃণমূলের ষড়যন্ত্র। বিজেপি নেতা দেবজিৎ সরকার বলেন, “এই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের আদালত। এখানে বিজেপি আসবে কোথা থেকে? তৃণমূল হার নিশ্চিত জেনে মানুষকে ভুল পথে চালনা করছে।”

Partha Goswami

22/04/2026

Vnn Times Today
Author: Vnn Times Today