প্রকাশিত CBSE দশমের ফল! ৯৩.৭০% পাশ, ছেলেদের ছাপিয়ে এগিয়ে মেয়েরা।
২৫ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ১৫ এপ্রিল প্রকাশিত হল সিবিএসই (CBSE) দশম শ্রেণির ফলাফল (CBSE Class 10 Result 2026)। ভারতের পাশাপাশি বিশ্বের আরও ২৭টি দেশের মোট ২৭,৩৩৯টি স্কুলের ছাত্রছাত্রীরা একযোগে এই ফল জানতে পেরেছেন। এ বছর মোট পাশের হার ৯৩.৭০ শতাংশ, যা ২০২৫ সালের (৯৩.৬৬%) তুলনায় কিছুটা বেশি। ১.৬৩ কোটি উত্তরপত্র মূল্যায়নের পর এই ফলাফল তৈরি করেছে বোর্ড।
অন্যান্য বছরের মতো এবারও সিবিএসই বোর্ড কোনও অফিসিয়াল মেধাতালিকা বা ‘টপার লিস্ট’ প্রকাশ করেনি। শিক্ষার্থীদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমাতে বোর্ড কোনও র্যাঙ্ক বা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ প্রদান করেনি। তবে গুণগত মান বজায় রাখতে প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া সেরা ০.১ শতাংশ শিক্ষার্থীকে ‘মেরিট সার্টিফিকেট’ দেওয়া হবে। ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষার দ্বিতীয় পর্বের পর এই সার্টিফিকেট ‘ডিজি-লকার’-এর মাধ্যমে পেয়ে যাবেন।
এবারের ফলাফলেও ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভালো ফল করেছে। যেখানে ছেলেদের পাশের হার ৯২.৬ শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার ৯৪.৯৯ শতাংশ। অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের নিরিখে আবারও ভালো ফলের ট্রেন্ড ধরে রেখেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। ত্রিবন্দম এবং বিজয়ওয়াড়া অঞ্চলে পাশের হার রেকর্ড ৯৯.৭৯ শতাংশ। এর ঠিক পরেই ৯৯.৫৮ শতাংশ পাশের হার নিয়ে নজর কেড়েছে চেন্নাই।
মোট পরীক্ষার্থী: প্রায় ২৫ লাখ।
পরীক্ষার সময়সীমা: ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ।
পাশের হার: ৯৩.৭০ শতাংশ।
সেরা এলাকা: ত্রিবন্দম ও বিজয়ওয়াড়া (৯৯.৭৯%)।
Partha Goswami
16/04/2026







